...|...|...

জাতীয়

প্রথমবারের মতো আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৭:৫৩ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫৫
Shares
প্রথমবারের মতো আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে আজ নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিন বাহিনীর বিশেষায়িত সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য চূড়ান্ত সামরিক অনুশীলন প্রত্যক্ষ করবেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, মঙ্গলবার সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি তিন বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া ঘুরে দেখবেন।

সফরকালে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করবেন। পাশাপাশি অনুশীলনস্থল ঘুরে দেখার সাথে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

উপ-প্রেস সচিব আরও জানান, মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এদিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’। এর চূড়ান্ত অনুশীলন আজ নোয়াখালীর স্বর্ণদ্বীপে অনুষ্ঠিত হবে।

এই বিশেষ সামরিক অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ড স্বর্ণদ্বীপ। প্রথমবারের মতো দ্বীপটিতে পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।