...|...|...

প্রবাস

মালয়েশিয়ায় একদিনের অভিযানে ১৫২ বাংলাদেশি আটক

ইমামুল হোসেন, মালয়েশিয়া
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, রাত ১০:১৫
Shares
মালয়েশিয়ায় একদিনের অভিযানে ১৫২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় একদিনের অভিযানে ১৫২ বাংলাদেশি আটক।

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলমের তামান শ্রী মুদা এলাকায় ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ জন বিদেশিকে আটক করা হয়েছে। অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে তাদের আটক করা হয়।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে স্থানীয় একটি বাণিজ্যিক এলাকায় এ অভিযান শুরু হয়। এতে ইমিগ্রেশন বিভাগসহ বিভিন্ন সরকারি সংস্থার ২৫৪ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

অভিযান চলাকালে মোট ৮৩১ জন বিদেশির কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে ৪৮৯ জনকে আটক করা হয়েছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা এবং পাস বা ওয়ার্ক পারমিটের অপব্যবহারের অভিযোগ রয়েছে।

তিনি জানান, অভিযানে এমন কিছু বিদেশি কর্মীকে পাওয়া গেছে, যাদের নির্মাণ খাতে কাজের অনুমতি থাকলেও তারা রেস্তোরাঁয় কাজ করছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মীদের পাশাপাশি নিয়োগকর্তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

আটক ৪৮৯ জনের মধ্যে ৪০৫ জন পুরুষ ও ৮৪ জন নারী। তাদের বয়স ১৯ থেকে ৬২ বছরের মধ্যে। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের ১৫২ জন, নেপালের ১১৫ জন, মিয়ানমারের ৯৯ জন, ভারতের ৬৫ জন, ইন্দোনেশিয়ার ৪৩ জন, পাকিস্তানের ১১ জন এবং শ্রীলঙ্কার চারজন রয়েছেন।

এদিকে, অভিযানে কোম্পানি কমিশন এসএসএম ছয়টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা করেছে। পাশাপাশি পাঁচটি প্রতিষ্ঠানের মালিককে ফরম-২৯ নোটিশ দিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

অভিযানে আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সেমেনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে।