...|...|...

প্রবাস

১১ বছর ধরে মালয়েশিয়ার কারাগারে বাংলাদেশি শাহ জামাল

ইমামুল হোসেন, মালয়েশিয়া
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪০
Shares
১১ বছর ধরে মালয়েশিয়ার কারাগারে বাংলাদেশি শাহ জামাল

ছবি: সংগৃহীত

১১ বছর ধরে ছেলের অপেক্ষায় এক অসুস্থ মা। বাবার মুখ না দেখেই বড় হচ্ছে সন্তান। অথচ ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে বৈধভাবে মালয়েশিয়ায় আসা সেই মানুষটি আজ বন্দি অন্য দেশের নাগরিক হিসেবে। নাম মোহাম্মদ শাহ জামাল। বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলায়।

২০১৬ সালে পরিবারের সচ্ছলতার আশায় মালয়েশিয়ায় আসেন শাহ জামাল। কিন্তু দেশটিতে পৌঁছানোর মাত্র তিন দিনের মাথায় ছিনতাইকারীদের কবলে পড়ে হারান পাসপোর্টসহ সব কাগজপত্র।

এরপর ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হলে কাগজপত্রের অভাবে তাকে মিয়ানমারের নাগরিক হিসেবে নথিভুক্ত করা হয়। সেই থেকে পেরাক রাজ্যের লাংকাপ ইমিগ্রেশন বন্দিশালায় বন্দি থাকার তথ্য পাওয়া গেছে।

শাহ জামাল যখন মালয়েশিয়ায় আসেন, তখন তার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। আজ সেই সন্তান ১১ বছরের। অথচ বাবার মুখটিও দেখা হয়নি তার।

এদিকে নদী ভাঙ্গানে হারিয়েছে বসতভিটা। দুই সন্তান নিয়ে অসহায় জীবন কাটছে স্ত্রীর। ছেলের শোকে তিন বছর আগে মারা গেছেন বৃদ্ধ বাবা। আর অসুস্থ মায়ের শেষ আকুতি—মৃত্যুর আগে একবার ছেলেকে দেখতে চান।

দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার মাধ্যমে বন্দিত্বের নথিপত্র হাতে পেয়েছে পরিবার। শাহ জামালকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ হাইকমিশনেও আবেদন করা হয়েছে। কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

একবার ভাবুন, ১১ বছর আগে যে মানুষটি পরিবারের স্বপ্ন পূরণ করতে বিদেশে গিয়েছিলেন, আজ তার নিজের পরিবারই অপেক্ষার কষ্টে দিন কাটাচ্ছে।

একজন মা ছেলের অপেক্ষায়, একজন সন্তান বাবার অপেক্ষায়। প্রশ্ন একটাই—আর কত দিন অপেক্ষা করতে হবে এই পরিবারকে।