জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্ক যাওয়ার পথে মাঝ আকাশে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছিলেন বাংলাদেশি জ্যেষ্ঠ সাংবাদিক এম. মোশাররফ হোসাইনসহ কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটের যাত্রীরা। উড্ডয়নের মাত্র ২০ মিনিটের মাথায় বিমানটি তীব্র ঝাঁকুনির কবলে পড়ে। একপর্যায়ে প্রায় ৯ হাজার ফুট উচ্চতা থেকে নেমে আসে সাড়ে ৪ হাজার ফুটে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে পাইলটের দক্ষতায় শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে বিমানটি নিরাপদে কাতারে অবতরণ করে।
শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে ওই ভীতিকর অভিজ্ঞতার কথা তুলে ধরেন সাংবাদিক এম. মোশাররফ হোসাইন।
ফেসবুক পোস্টে তিনি জানান, গত ৯ নভেম্বর কাতার এয়ারওয়েজের (QR643) ফ্লাইটে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। রাত ১০টায় শুরু হওয়া এ যাত্রার গন্তব্য ছিল কাতার হয়ে তুরস্ক। পেশাগত দায়িত্বের অংশ হিসেবে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে যাচ্ছিলেন তিনি।
কিন্তু উড্ডয়নের প্রায় ২০ মিনিট পরই হঠাৎ বিমানটি প্রচণ্ড ঝাঁকুনি ও দুলুনির মধ্যে পড়ে। অল্প সময়ের মধ্যে উচ্চতা প্রায় ৯ হাজার ফুট থেকে কমে সাড়ে ৪ হাজার ফুটে নেমে আসে। আকস্মিক এ পরিস্থিতিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যাত্রীদের চিৎকার, কান্না ও আর্তনাদে ভারী হয়ে ওঠে কেবিনের পরিবেশ। কেউ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিলেন, আবার কেউ ভয়ে নির্বাক হয়ে বসেছিলেন। ওই মুহূর্তে প্রিয়জনদের মুখ মনে পড়ছিল বলে নিজের পোস্টে উল্লেখ করেন এই সাংবাদিক।
পরে পাইলটের সময়োপযোগী পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। শেষ পর্যন্ত কোনো বড় ধরনের দুর্ঘটনা ছাড়াই বিমানটি কাতারে অবতরণ করে।
এ অভিজ্ঞতার কথা তুলে ধরে এম. মোশাররফ হোসাইন জানান, এ ঘটনা তাকে জীবনের মূল্য নতুন করে উপলব্ধি করতে শিখিয়েছে। পেশাগত সাফল্য, অর্জন কিংবা ব্যস্ততার চেয়ে নিরাপদে বেঁচে থাকার গুরুত্ব অনেক বেশি। মাঝ আকাশের সেই ভয়াবহ মুহূর্তের স্মৃতি তার মনে গভীরভাবে দাগ কেটেছে।


