জ্বালাও-পোড়াও ও অগ্নিসন্ত্রাসকে আওয়ামী লীগের আসল চরিত্র বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেছেন, ‘দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি, নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগই তা প্রমাণ করেছে।’
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।
মো. আসাদুজ্জামান বলেন, ‘সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
মুসলিম উত্তরাধিকার আইন সংশোধন করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, উত্তরাধিকার আইন সংশোধন হবে না। কুরআনিক বিধান অনুযায়ী উত্তরাধিকার আইন যেভাবে ছিল, সেভাবেই চলবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার আসিস বিন হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


