...|...|...

জাতীয়

শ্রেণিকক্ষকে প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনা হচ্ছে: শিক্ষামন্ত্রী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪৪
Shares
শ্রেণিকক্ষকে প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনা হচ্ছে: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশের শ্রেণিকক্ষকে মাল্টিমিডিয়া ও তথ্যপ্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর শিক্ষার নতুন প্রজন্ম গড়ে উঠছে উল্লেখ করে এ বিষয়ে সরকারের আন্তরিকতার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের সেমিনার ও বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে দেশের শ্রেণিকক্ষগুলোকে মাল্টিমিডিয়া ও তথ্যপ্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষার নতুন প্রজন্ম তৈরি হচ্ছে এবং সরকার এ বিষয়ে অত্যন্ত আন্তরিক।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশি-বিদেশি শিক্ষাবিদদের অংশগ্রহণে এ আলোচনা ফলপ্রসূ হবে এবং দেশের শিক্ষা খাতের উন্নয়নে সহায়ক হবে।

এ সময় শিক্ষামন্ত্রী জানান, পূর্ববর্তী বাজেটের তুলনায় চলতি বছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির ২ শতাংশ রাখা হয়েছে। ভবিষ্যতে এ বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

একই সাথে বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় ধরনের বিনিয়োগের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

তরুণ প্রজন্মকে দেশের প্রধান সম্পদ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশে প্রচুর মানবসম্পদ রয়েছে, তবে তা অদৃশ্য বা অস্পর্শনীয়। এই অদৃশ্য সম্পদকে দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে।

তিনি বলেন, ‘বিশ্বব্যাপী উচ্চশিক্ষার প্রেক্ষাপট বিচার করলে, আমাদের দেশের এই বিশাল তরুণ জনগোষ্ঠী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই বিবেচনায়, আমাদের দেশে শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে বিবেচিত হয়।’

মন্ত্রী আরও বলেন, ‘এই সেমিনারে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতারা-যারা এমন যোগ্য শিক্ষার্থী গড়ে তুলছেন, যারা ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দেবে। এই প্রেক্ষাপটে, শিক্ষার বিষয়ে আমাদের অত্যন্ত আন্তরিক ও মনোযোগী হতে হবে। যা আমাদের দেশের উন্নয়নে সহায়ক হবে।’