আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে অভিযুক্ত করার দীর্ঘ আইনি লড়াইয়ে বড় সাফল্য এসেছে। সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার দায় মিয়ানমারের বলে রায় দিয়েছেন আদালত। একইসাথে রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগত পরিচয়ও গুরুত্ব পেয়েছে রায়ে। এই সিদ্ধান্তে নতুন করে নিজ দেশে ফেরার স্বপ্ন দেখছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতের রায় ঘোষণার সময় কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরে ছিল উৎসুক মানুষের ভিড়। বিশেষ করে জামতলী এলাকার ১৫ নম্বর ক্যাম্পে বিকেল তিনটার আগেই কয়েক শ রোহিঙ্গা জড়ো হন। আদালতের সিদ্ধান্ত জানতে অনেকে মাঠে স্থাপিত বড় পর্দার সামনে অবস্থান নেন। জায়গা না পেয়ে কেউ কেউ সড়ক ও আশপাশের খোলা স্থানে দাঁড়িয়ে অপেক্ষা করেন।
রায় ঘোষণা শুরু হলে পুরো এলাকায় নেমে আসে নীরবতা। উপস্থিত রোহিঙ্গারা মনোযোগ দিয়ে আদালতের বক্তব্য শোনেন। অনেকে আবার মোবাইল ফোনে সরাসরি সম্প্রচার দেখেন।
এ সময় রোহিঙ্গাদের হাতে ছিল বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড। সেখানে গাম্বিয়ার প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি নিজ দেশে ফিরে যাওয়া, গণহত্যা বন্ধ এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি তুলে ধরা হয়।
আদালতের রায়ে বলা হয়েছে, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি এবং জনগোষ্ঠীটির একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যে বিভিন্ন কর্মকাণ্ড চালানো হয়েছিল। এসব ঘটনার মধ্য দিয়ে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি প্রদানবিষয়ক আন্তর্জাতিক কনভেনশনের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে মিয়ানমার।
আদালত আরও পর্যবেক্ষণ করেছেন, গণহত্যা প্রতিরোধ, অপরাধীদের শাস্তি এবং এ ধরনের অপরাধের প্রমাণ সংরক্ষণে মিয়ানমার তার দায়িত্ব যথাযথভাবে পালন করেনি।
রায় ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেন রোহিঙ্গা শিবিরের বাসিন্দারা। ১৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা জমিল উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে যে ন্যায়বিচারের অপেক্ষায় ছিলেন রোহিঙ্গারা, আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত সেই প্রত্যাশা পূরণের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি। রোহিঙ্গাদের পাশে থাকার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান তিনি।
একইসাথে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা পরিচালনার উদ্যোগ নেওয়ায় গাম্বিয়া সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন জমিল উদ্দিন। তার মতে, গাম্বিয়ার আইনি প্রচেষ্টার কারণেই রোহিঙ্গাদের ওপর সংঘটিত নির্যাতনের বিষয়টি বিশ্ববাসীর সামনে নতুন গুরুত্ব পেয়েছে।
রায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ৪৮ বছর বয়সী রোহিঙ্গা মো. সোয়েব। তার অভিযোগ, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পরিকল্পিত অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন। নারীদের ওপর যৌন সহিংসতা এবং শিশুদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়।
সোয়েব বলেন, আন্তর্জাতিক আদালত এসব ঘটনার সাক্ষ্য ও তথ্যপ্রমাণ গুরুত্বের সাথে বিবেচনা করেছেন। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কর্মকাণ্ডকে সামনে রেখে মিয়ানমার সামরিক অভিযানের যে যুক্তি দিয়েছিল, তা আদালতের কাছে গ্রহণযোগ্য হয়নি বলে তিনি মনে করেন।
রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিসত্তার বিষয়টি আন্তর্জাতিক আদালতের পর্যবেক্ষণে উঠে আসাকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছেন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার সভাপতি সৈয়দ উল্লাহ (৪৩)।
তিনি বলেন, রোহিঙ্গাদের নিজস্ব ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, ধর্মীয় রীতিনীতি এবং জাতিগত পরিচয় রয়েছে। দীর্ঘদিন ধরে এই পরিচয়ের স্বীকৃতি চেয়ে আসছেন তারা। আদালতের পর্যবেক্ষণে বিষয়টি গুরুত্ব পাওয়ায় রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠার পথে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে শুধু রায় পাওয়াই যথেষ্ট নয় বলে মনে করেন সৈয়দ উল্লাহ। তার মতে, এখন সবচেয়ে জরুরি হলো সিদ্ধান্ত বাস্তবায়ন, অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা এবং রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরার পরিবেশ সৃষ্টি করা।
এ জন্য বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সম্প্রদায়, মানবাধিকার সংগঠন, গণমাধ্যম, সুশীল সমাজ ও রোহিঙ্গা প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক রাজনৈতিক স্বার্থও বড় বাধা বলে মনে করেন এই নেতা। তার অভিযোগ, বিভিন্ন পক্ষ নিজেদের স্বার্থে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ইস্যুকে ব্যবহার করছে। ফলে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা জরুরি।
এদিকে আন্তর্জাতিক আদালতের রায়কে গুরুত্বপূর্ণ হলেও বাস্তবায়নের দিক থেকে চ্যালেঞ্জপূর্ণ বলে মনে করছেন শরণার্থী বিশেষজ্ঞ আসিফ মুনীর।
তিনি বলেন, আদালতের সিদ্ধান্তে রোহিঙ্গাদের ওপর গণহত্যার বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে। একইসাথে মিয়ানমারের আদি অধিবাসী হিসেবে রোহিঙ্গাদের পরিচয় ও স্বতন্ত্র জাতিগত বৈশিষ্ট্য গুরুত্ব পেয়েছে। নাগরিক অধিকার ও অন্যান্য মৌলিক সুযোগসুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে বিষয়টি তাৎপর্যপূর্ণ।
আসিফ মুনীরের মতে, আন্তর্জাতিক বিচার আদালতের রায় আইনগতভাবে বাধ্যতামূলক। মিয়ানমার এর আগে বিচারিক প্রক্রিয়ায় অংশ নিয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতিবেদনও জমা দিয়েছে। ফলে নতুন রায় পুরোপুরি উপেক্ষা করা দেশটির জন্য সহজ হবে না।
তবে মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং দেশটির সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর একটি অংশের রোহিঙ্গাবিরোধী মনোভাবকে বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন তিনি।
এই বিশেষজ্ঞ আরও বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে সমন্বয় গড়ে তোলা প্রয়োজন। আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দাবি তুলে ধরতে একটি সুসংগঠিত প্রতিনিধিত্বশীল কাঠামো গুরুত্বপূর্ণ।
পাশাপাশি মিয়ানমারের বিরোধী রাজনৈতিক শক্তি, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি), আরাকান আর্মিসহ সংশ্লিষ্ট পক্ষগুলো আদালতের সিদ্ধান্তকে কীভাবে গ্রহণ করে, সেটিও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। দেশটির চলমান সংঘাত বন্ধ না হলে নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি কঠিন হবে।
রায় ঘোষণার পর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান বলেন, এটি রোহিঙ্গাদের জন্য একটি ঐতিহাসিক অর্জন। দীর্ঘদিন ধরে তাদের ওপর চলা অবিচারের বিষয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে।
তার মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে রোহিঙ্গা সংকট আবারও আন্তর্জাতিক আলোচনায় গুরুত্ব পেতে পারে। বিশেষ করে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর সামনে প্রত্যাবাসন ও নাগরিক অধিকারের বিষয়টি নতুনভাবে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
মিজানুর রহমান বলেন, আদালতের সিদ্ধান্ত কার্যকর করতে বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যোগাযোগ আরও জোরদার করতে হবে। একইসাথে মিয়ানমারের সাথে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখা এবং রোহিঙ্গাদের স্বদেশে ফেরার প্রস্তুতি নেওয়াও প্রয়োজন।
২০১৯ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। দীর্ঘ শুনানি ও বিচারিক প্রক্রিয়ার পর ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগের পিস প্যালেসে রায় ঘোষণা করেন আদালতের সভাপতি বিচারক ইউজি ইওয়াসাওয়া।
রায়ে গণহত্যার সাথে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের তদন্ত এবং প্রয়োজন হলে তাদের বিচারের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে মিয়ানমারকে। পাশাপাশি এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।
আদালত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণভাবে নিজ এলাকায় ফেরার সুযোগ এবং বিচ্ছিন্ন পরিবারের পুনর্মিলন নিশ্চিত করার ব্যবস্থা নিতে বলেছেন। ক্ষতিগ্রস্ত সম্পত্তি ফিরিয়ে দেওয়া এবং যেসব ক্ষতি এভাবে পূরণ করা সম্ভব নয়, সেগুলোর জন্য ক্ষতিপূরণের বাধ্যবাধকতাও নির্ধারণ করা হয়েছে।
ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে। এ বিষয়ে গৃহীত পদক্ষেপ ও ক্ষতিপূরণসংক্রান্ত তথ্য দিয়ে দুই বছরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে মিয়ানমারকে।
আন্তর্জাতিক আদালতের এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তবে আদালতের রায় বাস্তবায়ন, নাগরিক অধিকার ফিরে পাওয়া এবং রাখাইনে নিরাপদে বসবাসের নিশ্চয়তা এখনো বড় চ্যালেঞ্জ।
বছরের পর বছর নিজভূমি থেকে বিচ্ছিন্ন রোহিঙ্গারা এখন অপেক্ষায়, আন্তর্জাতিক আদালতের এই ঐতিহাসিক সিদ্ধান্ত কবে তাদের বাস্তব জীবনে পরিবর্তন আনবে।



