অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যাতে বন্ধ না হয়, সে লক্ষ্য নিয়ে দেশের ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ষষ্ঠ শ্রেণি থেকে ডিগ্রি (পাস কোর্স) পর্যন্ত শিক্ষার্থীরা এই সুবিধার আওতায় আসবে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এই কার্যক্রম শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, অর্থনৈতিক অসচ্ছলতার কারণে অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা থাকে। সরকার চায়, টাকার অভাবে কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে। পড়াশোনা সচল রাখতেই উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, ছেলে ও মেয়ে মিলিয়ে মোট ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হবে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে কার্যক্রম শুরু করে স্কুলের শিক্ষার্থীদের কাছে উপবৃত্তির অর্থ পৌঁছে দেওয়া হবে।
শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একজন মানুষ শিক্ষিত হলে শুধু নিজেই উপকৃত হন না, তার পরিবার ও সামগ্রিক উন্নয়নেও এর সুফল পড়ে। তাই আর্থিক সংকটে কোনো শিক্ষার্থীর শিক্ষার পথ রুদ্ধ হওয়া উচিত নয়।
উপবৃত্তির পাশাপাশি গ্রামাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য প্রতিবছরের শুরুতেই নতুন বই এবং খেটে খাওয়া মানুষের সন্তানদের জন্য নতুন স্কুল পোশাক দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
এর আগে আজ সকালে লালমনিরহাট বিমানবন্দরে অবতরণ করে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। সেখানে ‘প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। এ সময় শিক্ষার্থীদের সাথে কথা বলেন, তাদের উদ্ভাবনী কাজের খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের অনুরোধে ছবি তোলেন।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকার অর্থ নিজেকে ও দেশকে পিছিয়ে রাখা। তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও গবেষকদের উদ্ভাবনী সক্ষমতা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

