...|...|...

জাতীয়

যুক্তরাষ্ট্রে প্রেস মিনিস্টার পদে গোলাম মোর্তোজার মেয়াদ বাড়ল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২০
Shares
যুক্তরাষ্ট্রে প্রেস মিনিস্টার পদে গোলাম মোর্তোজার মেয়াদ বাড়ল

গোলাম মোর্তোজা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে আরও এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন সাংবাদিক গোলাম মোর্তোজা। সচিব পদমর্যাদায় পূর্বের চুক্তির ধারাবাহিকতায় তাকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে গোলাম মোর্তোজার নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়ানোর কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২১ নভেম্বর ২০২৬ থেকে ২০ নভেম্বর ২০২৭ পর্যন্ত তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্তে বলা হয়েছে, দায়িত্ব পালনের সময় গোলাম মোর্তোজাকে অন্য কোনো পেশা বা ব্যবসায় যুক্ত থাকা যাবে না। একই সাথে সরকারি, আধা-সরকারি ও বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্মসম্পর্কও রাখা যাবে না।

এ ছাড়া চুক্তিপত্রের মাধ্যমে নিয়োগের অন্যান্য শর্ত নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।