...|...|...

বিশ্ব

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার: আইসিজে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, রাত ৯:৫৮
Shares
রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার: আইসিজে

ছবি: সংগৃহীত

গণহত্যা প্রতিরোধে বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য বলে রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিচারপতি ইউজি ইওয়াসাওয়া রায়ের পঞ্চম থেকে একাদশ সিদ্ধান্তগুলো পাঠ করার সময় এসব নির্দেশনা দেন।

আদালতের দশম ও একাদশ সিদ্ধান্তে ১০-৫ ভোটে বিচারকেরা বলেন, গণহত্যা প্রতিরোধে ব্যর্থতার জন্য মিয়ানমার রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য। একই সাথে এই ক্ষতিপূরণ ও অন্যান্য প্রতিকারের পরিমাণ এবং পদ্ধতি আইসিজে নিজেই নির্ধারণ করবে বলে সিদ্ধান্ত হয়েছে।

অষ্টম ও নবম সিদ্ধান্তে ৯-৬ ভোটে আদালত জানান, গণহত্যা সনদের অধীনে বাধ্যবাধকতা লঙ্ঘনের পুনরাবৃত্তি না হওয়ার বিষয়ে মিয়ানমারকে ‘আশ্বাস ও নিশ্চয়তা দিতে হবে’ এবং ভবিষ্যতে এমন লঙ্ঘন প্রতিরোধ করতে হবে। এ ছাড়া ১০-৫ ভোটে রায়ে উল্লিখিত পুনরুদ্ধারমূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়, যার বিস্তারিত পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে।

এর আগে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম সিদ্ধান্তে ১৪-১ ভোটে আদালত বলেন, গণহত্যা সনদের বিধান কার্যকর করতে প্রয়োজনীয় আইন প্রণয়নের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে মিয়ানমার। সনদের ৫ নম্বর অনুচ্ছেদের অধীনে চলমান এই লঙ্ঘন বন্ধে দেশটিকে দ্রুত আইন প্রণয়ন করতে হবে।

পাশাপাশি ১৩-২ ভোটে আদালত নির্দেশ দেন, ২০১৭ সালের ‘শুদ্ধি অভিযানের’ সময় গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সনদের ৩ নম্বর অনুচ্ছেদের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে এমন সব ব্যক্তির বিরুদ্ধে মিয়ানমারকে অবিলম্বে কার্যকর তদন্ত চালাতে হবে।