ইরানে নির্মিত শত শত বাঁধ ও পানি স্থানান্তর প্রকল্পের একটি অংশের পেছনে গোপন সামরিক উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ করছেন গবেষকেরা। তাদের ধারণা, এসব অবকাঠামোর কিছু হয়তো দেশটির ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য নির্মাণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বিশেষজ্ঞদের বরাত দিয়ে এ তথ্য তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে ইরান ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংবাদমাধ্যমও বিশ্লেষণ প্রকাশ করেছে।
গবেষকেরা বলছেন, ইরানের পানি অবকাঠামোর অবস্থানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় লক্ষ্যবস্তু হওয়া সন্দেহভাজন সামরিক স্থাপনাগুলোর অবস্থানের কিছু মিল পাওয়া গেছে। তবে এই সম্ভাব্য যোগসূত্র এখনও নিশ্চিত নয় এবং তা অনুমাননির্ভর বলেই প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
জার্মানির হামবুর্গ ইউনিভার্সিটি অব টেকনোলজির পানি নিরাপত্তা বিশেষজ্ঞ নিমা শোকরির নেতৃত্বে একটি গবেষকদল ইরানে অন্তত ৫৩৩টি বাঁধের অবস্থান শনাক্ত করেছে।
শোকরি জানান, চলতি বছর সন্দেহভাজন সামরিক স্থাপনাগুলোতে চালানো বিমান হামলার একটি মানচিত্রের সাথে বাঁধগুলোর অবস্থান মিলিয়ে তিনি উল্লেখযোগ্য সাদৃশ্য দেখতে পান।
দ্য নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, বিষয়টি সবসময়ই আমার কাছে ধাঁধার মতো ছিল। তারা এত বেশি বাঁধ কেন নির্মাণ করছিল?
বিমান হামলার পর তার মনে আরও একটি প্রশ্ন তৈরি হয়। তিনি বলেন, যেখানে বাঁধ রয়েছে, তার কাছাকাছিই কেন ক্ষেপণাস্ত্র হামলা হতে দেখা যাচ্ছে?
প্রতিবেদন অনুযায়ী, সংবাদমাধ্যমটির সাথে কথা বলা সাতজন পানি ও সামরিক বিশেষজ্ঞ মনে করেন, বড় আকারের ভূগর্ভস্থ সামরিক স্থাপনা সচল রাখতে বাঁধ থেকে নিয়মিত পানি ও বিদ্যুৎ সরবরাহ গুরুত্বপূর্ণ হতে পারে।
ইরানের ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র নগরীগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন, সংরক্ষণ ও উৎক্ষেপণের বিভিন্ন স্থাপনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাহাড়ের গভীরে তৈরি সুড়ঙ্গের মাধ্যমে এসব স্থাপনা সুরক্ষিত রাখা হয়।
ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক ইরান বিশ্লেষক ড্যানি সিত্রিনোভিচ বলেন, নিজস্ব পানি ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকলে ইরানের সামরিক স্থাপনাগুলো দেশের সামগ্রিক অবকাঠামোর ওপর কম নির্ভরশীল থেকে কার্যক্রম চালাতে পারবে।
তার ভাষায়, জরুরি সেবার জন্য ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো যাতে দেশের সামগ্রিক অবকাঠামোর ওপর নির্ভরশীল না থাকে, তা নিশ্চিত করার যথেষ্ট কারণ তেহরানের রয়েছে।
তবে গবেষকেরা এখনও নিশ্চিতভাবে বলতে পারছেন না যে বাঁধ ও পানি স্থানান্তর প্রকল্পগুলোর সাথে সামরিক স্থাপনাগুলোর সরাসরি সম্পর্ক রয়েছে। এ বিষয়ে প্রকাশিত বিশ্লেষণগুলো আপাতত অবস্থানগত মিল ও বিশেষজ্ঞদের অনুমানের ওপর নির্ভর করছে।


