...|...|...

বিশ্ব

হরমুজ ও ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষে চীন, জানাল ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪০
Shares
হরমুজ ও ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষে চীন, জানাল ট্রাম্প

ট্রাম্পের সাথে শি জিনপিং। ছবি: সংগৃহীত

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীনের অভিন্ন স্বার্থ রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের শুরুতে এ মন্তব্য করেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকের উদ্বোধনী বক্তব্যে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ সচল রাখা এবং ইরানের হাতে পারমাণবিক অস্ত্র না যাওয়ার বিষয়টি ওয়াশিংটন ও বেইজিং—দুই পক্ষই অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে।

তার ভাষ্য, এসব বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীনের স্বার্থ এক জায়গায় এসে মিলেছে।

এর আগে শেনজেনের বিশেষ অবকাশকেন্দ্র কাইলিন ভিলায় পৌঁছান ট্রাম্প। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, সেখানেই দুই নেতার বৈঠক শুরু হয়।

আলোচনা শুরুর আগে ট্রাম্প ও শি একসাথে আলোকচিত্রীদের সামনে দাঁড়ান। এরপর দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে মুখোমুখি আনুষ্ঠানিক বৈঠকে বসেন তারা।

শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের আয়োজনেরও প্রশংসা করেন ট্রাম্প।

তিনি বলেন, সম্মেলনটি অসাধারণ হয়েছে এবং প্রতিটি আয়োজন নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে। কিছু বিষয় গণমাধ্যমের সামনে তুলে ধরা সম্ভব না হলেও পুরো আয়োজন প্রশংসার দাবি রাখে।

২০১৭ সালে চীনে নিজের প্রথম রাষ্ট্রীয় সফরের কথাও স্মরণ করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, এরপর থেকে শি জিনপিংয়ের সাথে তার চমৎকার ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছে। কেউ কেউ এই সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট হলেও তিনি নিজে এতে খুশি।

তার মতে, যুক্তরাষ্ট্র ও চীনের মানুষের স্বার্থেই এই বন্ধুত্ব আরও এগিয়ে নেওয়া প্রয়োজন।

ট্রাম্প আরও বলেন, বাণিজ্য ও বিনিয়োগ থেকে শুরু করে আঞ্চলিক বিভিন্ন ইস্যু এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ও চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, অন্য কোনো দেশের পক্ষে যা করা সম্ভব নয়, বিশ্বের এই দুই বৃহৎ শক্তি একসাথে তা করতে সক্ষম।