নতুন স্কুটারের সামনে দাঁড়িয়ে দুই বছরের এক শিশুর ছোট্ট একটি ভিডিও বদলে দিয়েছে তার ভবিষ্যৎ। ভারতের মহারাষ্ট্রের ইয়াভাতমালের রুদ্রাংশ সিং ঠাকুরের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ১৩ কোটি ৭০ লাখের বেশি ভিউ পেয়েছে। এরপর শিশুটির পড়াশোনার পুরো খরচ বহনের ঘোষণা দিয়েছেন একটি হোন্ডা ডিলারশিপের মালিক।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রুদ্রাংশ গত ৯ নভেম্বর বাবা-মা ও বড় বোনের সাথে নতুন হোন্ডা অ্যাক্টিভা স্কুটার নিতে একটি শোরুমে যায়।
সেখানেই নতুন স্কুটারের সামনে তার একটি ভিডিও ধারণ করা হয়। চোখে সানগ্লাস, দুই হাত পকেটে রেখে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা রুদ্রাংশের সেই ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ইনস্টাগ্রামে প্রকাশের পর ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এখন পর্যন্ত এতে ১৩ কোটি ৭০ লাখের বেশি ভিউ এবং ৬৮ হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে।
পড়াশোনার দায়িত্ব নিলেন হোন্ডা ডিলার
ভাইরাল ভিডিওটি নজরে আসে সাই পয়েন্ট হোন্ডার মালিক দিলীপ বোবাদে পাটিলের। এই ডিলারশিপ থেকেই রুদ্রাংশের পরিবার স্কুটারটি কিনেছিল।
প্রতিবেদন অনুযায়ী, রুদ্রাংশ ও তার পরিবারকে শোরুমে আমন্ত্রণ জানান পাটিল। সেখানে শিশুটির জনপ্রিয়তা উদ্যাপনের পাশাপাশি বিশেষ একটি ঘোষণা দেন তিনি।
পাটিল জানান, কেজি-১ থেকে স্নাতক পর্যন্ত রুদ্রাংশের পড়াশোনার খরচ তিনি বহন করবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি শেয়ার করা যশ চিনচোলকার বলেন, এটি এমন একটি উপহার, যা শিশুটির খেলনা বা উপহারের সংগ্রহে শুধু আরেকটি জিনিস যোগ করবে না; বরং তার ভবিষ্যৎ গড়ে দিতে ভূমিকা রাখবে।
রুদ্রাংশের মা-ও মানুষের ভালোবাসায় আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, এত মানুষ তার ছেলেকে ভালোবাসছেন এবং তার ভবিষ্যতের জন্য এগিয়ে আসছেন—এটি তাঁদের জন্য খুবই বিশেষ অনুভূতি।
‘অরা কিড’ নামে পরিচিতি
রুদ্রাংশের আত্মবিশ্বাসী অভিব্যক্তি ও ব্যতিক্রমী পোজ দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তাকে ‘অরা কিড’ নামে ডাকতে শুরু করেছেন।
ভিডিওটিতে হাজারো মানুষ তার স্টাইল ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন। কেউ তাকে ‘ছোট ডন’-এর সাথে তুলনা করেছেন, আবার কেউ মজা করে তাকে হোন্ডার ‘নতুন চেয়ারম্যান’ বলেও মন্তব্য করেছেন।
একটি স্কুটার কেনার সময় পরিবারের জন্য ধারণ করা ছোট্ট ভিডিওই শেষ পর্যন্ত রুদ্রাংশের জীবনে অপ্রত্যাশিত সুযোগ এনে দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তা অনেক সময় ক্ষণস্থায়ী হলেও কেজি থেকে স্নাতক পর্যন্ত পড়াশোনার ব্যয় বহনের এই প্রতিশ্রুতি তার ভবিষ্যতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।


