যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন এক প্যারামেডিক। কিন্তু সেখানে পৌঁছে তিনি যে দৃশ্যের মুখোমুখি হন, তা ছিল অকল্পনীয়। গুরুতর আহত যুবকটি ছিলেন তার নিজেরই ছেলে।
গত ১৬ নভেম্বর সন্ধ্যায় সিগার্ড শহরে প্রতিবেশীর গাড়ি মেরামতে সহায়তা করছিলেন ২৮ বছর বয়সী লোগান মামফোর্ড। গাড়ির নিচে কাজ করার সময় সেটি হঠাৎ জ্যাক থেকে পড়ে তার ওপর চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তাদের মধ্যে ছিলেন লোগানের মা ট্রিশিয়া মামফোর্ডও। তিনি সেভিয়ার কাউন্টির একজন প্যারামেডিক।
তবে ঘটনাস্থলে পৌঁছানোর পর আহত ব্যক্তির নাম শোনার আগ পর্যন্ত ট্রিশিয়া বুঝতে পারেননি, যাঁকে বাঁচাতে তিনি ছুটে এসেছেন, তিনি তার নিজের ছেলে।
পরে সহকর্মীদের সাথে মিলে ছেলেকে উদ্ধারের কাজে অংশ নেন তিনি। গুরুতর মাথায় আঘাত পাওয়া লোগানকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়।
তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লোগান দুই সন্তানের বাবা ছিলেন। তার তিন বছর বয়সী এক ছেলে এবং এক বছর বয়সী এক মেয়ে রয়েছে।
সেভিয়ার কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি পরিস্থিতি মোকাবিলায় একজন প্যারামেডিক যতই প্রশিক্ষিত হোন না কেন, নিজের সন্তানের এমন দুর্ঘটনার মুখোমুখি হওয়ার জন্য কোনো মাকে প্রস্তুত করা সম্ভব নয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবেশীকে গাড়ি মেরামতে সাহায্য করতে গিয়েই দুর্ঘটনার শিকার হন লোগান। তাদের ভাষ্য, অন্যকে সাহায্য করার যে মানসিকতা তার ছিল, জীবনের শেষ কাজটিতেও তারই প্রতিফলন দেখা গেছে।


