পেশাদারত্বের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি কোনো ধরনের ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ভলিবল (নারী ও পুরুষ) চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, পুলিশ দেশের প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী পেশাদারত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। এই দায়িত্ব পালনের ক্ষেত্রে গুজব, অপপ্রচার বা ষড়যন্ত্রে কান না দেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে মো. আলী হোসেন ফকির বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে পেশা হিসেবে নেওয়ার উদ্যোগ নিয়েছে। মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলাকে কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করে তিনি জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ খেলোয়াড় বাছাইয়ের কাজও চলছে। ভালো ফল অর্জনের জন্য পুলিশের সব ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনের ওপর জোর দেন তিনি।
বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ফাইনালে তারা ঢাকা রেঞ্জকে হারিয়ে শিরোপা ঘরে তোলে। অন্যদিকে নারী বিভাগে শিরোপা জিতেছে এপিবিএন। ফাইনালে তারা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে (সিএমপি) পরাজিত করে।
প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ডিএমপির মিলন এবং নারী বিভাগে এপিবিএনের কেয়া সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন আইজিপি। এ সময় বিচ ভলিবলের জার্সিও উন্মোচন করেন তিনি এবং ফাইনাল ম্যাচ উপভোগ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি মো. মোস্তফা কামাল।
গত ৪ নভেম্বর শুরু হওয়া এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১৩টি এবং নারী বিভাগে ৬টি দল অংশ নেয়।

