ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর এ পুলিশের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই অথবা ইচ্ছা করেই তিনি নিয়ন্ত্রণ নিচ্ছেন না, অথবা আওয়ামী লীগকে তারা সুযোগ দিচ্ছে।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির এ অনুষ্ঠানের আয়োজন করে।
গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্যের বাড়িঘর ও থানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার এবং পরবর্তী পুলিশি ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, পুলিশ দিনভর গ্রেফতার করলেও রাতে তাদের ছেড়ে দিচ্ছে। এমনকি থানায় আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত পুলিশের সাথে কোলাকুলি করেছেন এবং তাদের সাথে খাওয়াদাওয়ার আয়োজন করেছেন।
সরকারের সমালোচনা করে শিবির সভাপতি বলেন, জনগণ এখন ভীতসন্ত্রস্ত এবং জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে। বর্তমান সরকার জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। সরকার এ বিষয়ে পদক্ষেপ না নিলে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে যোগ্য কাউকে দায়িত্ব না দিলে ভবিষ্যতে যে পরিস্থিতি তৈরি হবে, তার দায় সরকারকেই নিতে হবে।
গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন তিনি। সাদ্দাম বলেন, নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা থাকলেও সরকারি দল তা নেয়নি। প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিতে বললেও সেই রায়কে তোয়াক্কা করেননি। এতে ৭০ শতাংশ মানুষের সাথে প্রতারণা করা হয়েছে।
আন্দোলনের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছে। সরকার দাবি না মানলে অবরোধ, হরতাল, সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়া হতে পারে।
জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া, গণহত্যার বিচারে গড়িমসি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরকে সরিয়ে দেওয়ার কারণেও সরকারের সমালোচনা করেন তিনি। তার দাবি, প্রশাসন ঢেলে না সাজানোয় আওয়ামী লীগ সরকারের সময়কার সহযোগীরা এখনও বিভিন্ন জায়গায় রয়েছেন।
বিরোধী দলের সহযোগিতার বিষয়ে সাদ্দাম বলেন, অন্ধভাবে সবকিছুর বিরোধিতা করা দেশের জন্য কল্যাণকর নয়। জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের ক্ষেত্রে বিরোধী দল সর্বোচ্চ ভেটো দেবে। তবে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার উদ্যোগ নিলে বিরোধী দল সহযোগিতা করবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুর গফুর, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং আইআইইআর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রায় দুই হাজার নবীন শিক্ষার্থী ও সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কোরআন, হিজাব, বই, কলম, টেবিল ক্যালেন্ডার, পরিচিতি কার্ড ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে দুপুরের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


