গণভোটের গণরায় বাস্তবায়নসহ পাঁচ দাবিতে টানা ৩৯ দিন দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি রাজনৈতিক পর্ষদের (পলিটিকাল কাউন্সিল-পিসি) জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন এ কর্মসূচির সিদ্ধান্ত জানান।
আখতার হোসেন বলেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে হবে, জুলাই গণহত্যার বিচার তরান্বিত করতে হবে, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় করতে হবে এবং গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। এই পাঁচ দাবিতে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সত্তাগতভাবে একটি সন্ত্রাসী সংগঠন, ফ্যাসিবাদী গোষ্ঠী। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। এনসিপির পক্ষ থেকে আমরাও সংসদে এবং রাজপথে বলে আসছি, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে কতিপয় ব্যক্তির বিচার হচ্ছে এবং সেটি ঢিমেতালে চলছে।
এনসিপির সদস্য সচিব বলেন, প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের কথা বলেছেন, কিন্তু সেটি কীসের ভিত্তিতে হবে তা পরিষ্কার করা প্রয়োজন। আওয়ামী সন্ত্রাসী জঙ্গি সংগঠনের বিরুদ্ধে দেশের যেকোনো রাজনৈতিক দল গোষ্ঠী প্ল্যাটফর্মের সাথে আমরা ঐক্যের প্রয়োজন অনুভব করি।
এছাড়া তিনি বলেন, গোপালগঞ্জে আপনারা দেখেছেন থানায় হামলা করা হয়েছে, অস্ত্র লুট করা হয়েছে, দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগের লোকজন মহড়া দিচ্ছে মানুষের ওপর হামলা করছে। আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। শুধু তাই নয়, গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় অগ্নিসন্ত্রাস করেছে আওয়ামী লীগ।
সংবাদ সম্মেলনে আখতার হোসেনসহ উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এমপি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ড. আতিক মুজাহিদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, সালেহ উদ্দিন সিফাত এবং আকরাম হোসাইন সিএফ। সংবাদ সম্মেলনে উপস্থিত সবাই রাজনৈতিক পর্ষদ সভায় উপস্থিত ছিলেন। এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে সভায় যুক্ত হন। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম এবং দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপিও সভায় উপস্থিত ছিলেন।


