জাতীয় সংসদে প্রধানমন্ত্রীকে বলতে হবে, আমরা একা এই পরিস্থিতি মোকাবিলা করতে পারছি না। এ ক্ষেত্রে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন। প্রধানমন্ত্রী যদি সংসদে এভাবে সহযোগিতা চান, তাহলে বিরোধী দল অবশ্যই সরকারকে সহযোগিতা করবে।
একথা বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার।
দলটির জুলাই গণঅভ্যুত্থান সেল কর্তৃক আয়োজিত ‘রায়ের এক বছর, শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সব অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি আরো বলেন, সরকার যদি সহযোগিতা না চায়, তাহলে আমরা মনে করব, এটি সরকার ও আওয়ামী লীগের নিজস্ব সমস্যা। তারা কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করবে, সেটি তাদের বিষয়।
এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ পরিস্থিতিতে যদি বাংলাদেশের কোনো মানুষের ক্ষতি হয়, জানমালের ক্ষয়ক্ষতি ঘটে, কেউ জ্বালাও-পোড়াও বা হামলার শিকার হন কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এর সম্পূর্ণ দায়ভার বর্তমান সরকারকে নিতে হবে।
আলোচনা সভায় দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হাসনাত আব্দুল্লাহ (এমপি), যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম (এমপি), সিনিয়র যুগ্ম সদস্য সচিব সরজিস আলমসহ জুলাই শহীদ পরিবারের সদস্য জুলাই আহতরা উপস্থিত ছিলেন।


