...|...|...

রাজনীতি

আ.লীগের শীর্ষ ৩ নেতার ভার্চুয়াল বৈঠক, দেশ অস্থিতিশীল করার নীলনকশা ফাঁস করলেন সায়ের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, রাত ২:২৩ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, রাত ৩:০১
Shares
আ.লীগের শীর্ষ ৩ নেতার ভার্চুয়াল বৈঠক, দেশ অস্থিতিশীল করার নীলনকশা ফাঁস করলেন সায়ের

ছবি: এআই

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শীর্ষ তিন নেতার একটি ভার্চুয়াল বৈঠকের অডিও রেকর্ড ফাঁস হয়েছে। বৈঠকে দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করতে নেতাকর্মীদের নানা নির্দেশনা দেন তারা। বৈঠকের অডিও রেকর্ড ফাঁস করেছেন আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের।

সোমবার (১৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সায়ের এ অডিও রেকর্ড ফাঁস করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, গতকাল (১৫ নভেম্বর) একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুন দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে তাদের নেতা-কর্মীদের নানা নির্দেশনা দেন। বৈঠকের অডিও রেকর্ড আমার হাতে এসেছে, যা এখানে সংযুক্ত করা হলো।

রেকর্ডে মোজাম্মেল হককে বলতে শোনা যায়, আগামী ১৯ নভেম্বর দলটির ঘোষিত ‘লকডাউন’ সফল করতে প্রতিটি ইউনিয়নে অন্তত তিনটি করে বাড়িতে আগুন দিতে হবে। এসময় বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর শারীরিক নির্যাতন, এমনকি প্রয়োজনে হত্যার কথাও বলেন তিনি। এ সময় ইব্রাহিম হোসেন মুনকে বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ‍্য করে গালাগাল করতেও শোনা যায়।

জুলকারনাইন সায়ের আরও লিখেন, ভারতে আশ্রয় নেওয়া পলাতক আওয়ামী লীগ নেতারা সে দেশের মাটিতে বসে বাংলাদেশে অগ্নিসংযোগ ও হত্যার নির্দেশ দিচ্ছেন — বাংলাদেশ সরকারের উচিত বিষয়টি অবিলম্বে আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে তোলা এবং জানতে চাওয়া, তাদের ভূখণ্ড থেকে প্রতিবেশী দেশের বিরুদ্ধে এমন প্রতিহিংসামূলক ধ্বংসাত্মক অপতৎপরতা চালানোর সুযোগ তারা কীভাবে দিচ্ছে।