...|...|...

সারাদেশ

মোংলায় গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, রাত ১২:৫২
Shares
মোংলায় গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন

ছবি: টাইমস টুডে

বাগেরহাটের মোংলায় গভীর রাতে জয়বাংলা স্লোগান দিয়ে মোটরসাইকেল শোডাউন করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় বিভিন্ন স্থাপনার দেয়ালে জয়বাংলা স্লোগান লিখে যাওয়ার ঘটনাও ঘটেছে।

শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মিঠাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে অন্তত চার থেকে পাঁচটি মোটরসাইকেল নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিঠাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় শোডাউন করেন। এ সময় তারা জয়বাংলা স্লোগানসহ বিভিন্ন আপত্তিকর স্লোগান দেন।

খাসেরডাঙ্গা এলাকা থেকে শোডাউন শুরু করে মোটরসাইকেল বহরটি ঢেউয়াতলা বাজারের দিকে চলে যায়। এ ছাড়া খাসেরডাঙ্গা আবু বকর সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের দেয়াল, চারেরহাট ব্রিজসহ বিভিন্ন স্থানে জয়বাংলা স্লোগান লিখে যান তারা। পরে রবিবার সকালে স্থানীয়রা দেয়ালে লেখা স্লোগানগুলো মুছে ফেলেন।

এ বিষয়ে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর সেখানে পুলিশের টহল দল পাঠানো হয়েছে। পাশাপাশি গোপনে অনুসন্ধান ও স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, গভীর রাতে এমন কর্মকাণ্ডে এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।