বগুড়ার সোনাতলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে একদল সশস্ত্র ডাকাত। বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা প্রায় ৩১ ভরি স্বর্ণ ও ৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
রবিবার (১৫ নভেম্বর) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর দক্ষিণপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেন মন্ডলের (৭৫) বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। তিনি পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোররাতে পাঁচ থেকে সাতজনের একটি ডাকাত দল বাড়িটির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে বাড়ির আলমারি ভেঙে বিভিন্ন কক্ষ তছনছ করে মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় তারা।
ডাকাত দলের সদস্যরা মোয়াজ্জেম হোসেনের বড় ছেলের স্ত্রীর ঘর থেকে ১৫ ভরি স্বর্ণালংকার, ছোট ছেলের স্ত্রীর ঘর থেকে ১২ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা নিয়ে যায়। এ ছাড়া গৃহকর্তার ঘর থেকে চার ভরি স্বর্ণালংকার ও পাঁচ লাখ টাকা লুট করে। সব মিলিয়ে পরিবারের দাবি অনুযায়ী, ৩১ ভরি স্বর্ণালংকার ও ৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
অস্ত্রধারী ডাকাতদের সামনে পরিবারের সদস্যরা অসহায় হয়ে পড়েন। ভয়ে কেউ তাদের বাধা দেওয়ার সাহস পাননি।
দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল হক জানান, তিনি ডাকাতির ঘটনাটি শুনেছেন। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করবেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো তার জানা নেই।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ এবং স্বর্ণালংকার ও টাকা লুটের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে লুট হওয়া স্বর্ণের পরিমাণ নিয়ে কিছুটা ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে ২৫ থেকে ৩০ ভরি স্বর্ণ ও ৬ লাখ টাকা লুটের তথ্য পাওয়া গেছে।
ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ জমা পড়েনি। কাউকে আটকও করা যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ডাকাতির সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করবে।


