...|...|...

সারাদেশ

২ দিন আগে ছড়িয়েছিল গুজব, পরে সত্যিই গ্রামীণ ব্যাংকে আগুন

সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, রাত ১০:০২
Shares
২ দিন আগে ছড়িয়েছিল গুজব, পরে সত্যিই গ্রামীণ ব্যাংকে আগুন

সিলেটে গ্রামীণ ব্যাংকে আগুন। ছবি: টাইমস টুডে

সিলেট নগরীর উপশহর এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ৩টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাত ব্যক্তিদের দেওয়া এই আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও এক কর্মকর্তার ব্যবহৃত গাড়ি পুড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল কার্যালয়ের জোনাল অফিসার আবুল হোসেন।

তিনি জানান, ভোররাতে কার্যালয়ের পাহারাদার ফোন করে আগুন লাগার খবর দেন। তাৎক্ষণিকভাবে আরও তিনজনকে সাথে নিয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

ফায়ার সার্ভিস সিলেট সদরের লিডার ক্ষিতিশ কুমার দাস বলেন, আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে সেখানে গিয়ে দেখেন, ব্যাংক কর্তৃপক্ষ নিজেরাই আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

ঘটনার পূর্বাপর প্রসঙ্গে জোনাল অফিসার আবুল হোসেন জানান, এই ঘটনার দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কার্যালয়ে আগুন দেওয়ার একটি খবর ছড়িয়ে পড়েছিল, যা ছিল নিছক গুজব। কিন্তু শনিবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা সত্যিই কার্যালয়ে আগুন দিয়েছে। আগুনে ব্যাংকের নথিপত্র ও এক কর্মকর্তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় সকালে শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশ আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমদ জানান, এ ঘটনায় থানায় জিডি হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।