...|...|...

রাজনীতি

ভারসাম্যহীন বক্তব্য দিয়েই স্বরাষ্ট্রমন্ত্রী দিন দিন বিখ্যাত হয়ে উঠছেন: পাটওয়ারী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩০
Shares
ভারসাম্যহীন বক্তব্য দিয়েই স্বরাষ্ট্রমন্ত্রী দিন দিন বিখ্যাত হয়ে উঠছেন: পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

দায়িত্ব পালনের চেয়ে ভারসাম্যহীন বক্তব্য দিয়েই স্বরাষ্ট্রমন্ত্রী দিন দিন বিখ্যাত হয়ে উঠছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (১৬ নভেম্বর) ফেসবুকে করা এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

টাইমস টুডের পাঠকদের জন্য নাসীরুদ্দীন পাটওয়ারীর করা পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

‘খুলনায় ব্যবসায়ীরা শহর ছাড়ছেন, চিকিৎসকরা নিরাপত্তার দাবিতে রাস্তায় নামছেন, চাঁদাবাজির ভয়ে মানুষ মুখ খুলছেন না। সাড়ে ১০ মাসে ৭৭টি হত্যাকাণ্ড, ৮ থানায় সক্রিয় ১৮১ জন সন্ত্রাসী। প্রধানমন্ত্রী কিংবা আইজিপির সফরেও সন্ত্রাসীদের কর্মসূচিতে কোনো বিরতি নেই। নগর প্রশাসক ও বিএনপি নেতা বলছেন, এভাবে চললে মানুষ আর খুলনায় থাকবে না। সংসদ সদস্যের ভাষায়, খুলনা এখন একটি মৃত নগরী। কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক কলেজ ছাত্রদলের আহ্বায়ক সংগ্রাম হোসেনসহ কয়েকজনকে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়েছিল ছাত্রদলের নেতাকর্মীরা। আহ*ত হন দুই এসআইসহ তিন পুলিশ সদস্য।

এদিকে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের সশস্ত্র মিছিল, বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, প্রধানমন্ত্রীর ছবি পদদলিত, জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর, প্রেসক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ এবং পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। দেড় হাজার পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েনের পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। ৬৪ জেলার বাংলাদেশের মাত্র তিনটি জেলার চিত্র তুলে ধরলাম। বাকি ৬১ জেলার কথা না হয় বাদই দিলাম।

এতকিছুর পরও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, দৃশ্যমান কোনো অবনতি হয়নি। জর্জ অরওয়েলের ‘১৯৮৪’ উপন্যাসে একটি মন্ত্রণালয় ছিল, ‘মিনিস্ট্রি অব ট্রুথ’। নাম সত্যের মন্ত্রণালয় হলেও তার কাজ ছিল রাষ্ট্রের সুবিধামতো সত্যকে বিকৃত করা। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত সেই মন্ত্রণালয়ের দায়িত্বই পালন করছেন। অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তিনি এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত।

দায়িত্ব পালনের চেয়ে ভারসাম্যহীন বক্তব্য দিয়েই দিন দিন বিখ্যাত হয়ে উঠছেন। অরওয়েলের দুর্ভাগ্য, তিনি ১৯৮৪ লিখেছিলেন কল্পকাহিনি হিসেবে। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সেটিকে বাস্তবায়ন করছেন সরকারি কর্মপরিকল্পনা হিসেবে।’