...|...|...

রাজনীতি

শিবিরকে বাদ দিয়ে জুলাইয়ের ঐক্য গড়তে চায় নুরের ছাত্র সংগঠন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০১
Shares
শিবিরকে বাদ দিয়ে জুলাইয়ের ঐক্য গড়তে চায় নুরের ছাত্র সংগঠন

শিবিরকে বাদ দিয়ে জুলাইয়ের ঐক্য গড়তে চায় নুরের ছাত্র অধিকার। ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদবিরোধী ছাত্রসংগঠনগুলোকে নিয়ে নতুন করে জুলাইয়ের ঐক্য গড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এ ঐক্য প্রক্রিয়ায় ইসলামী ছাত্রশিবিরকে বাইরে রেখে অন্যান্য ছাত্রসংগঠনকে এক প্ল্যাটফর্মে আনার পক্ষে অবস্থান নিয়েছে সংগঠনটি। এ লক্ষ্যে ‘পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ের ঐক্যবদ্ধ ছাত্রসমাজ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে তারা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মনসুন থিয়েটারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। সঞ্চালনা করবেন সংগঠনটির সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক।

আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, জাতীয় ছাত্রশক্তির সভাপতি আবু বাকের মজুমদার, ইসলামী ছাত্র আন্দোলনের সহসভাপতি খায়রুল আহসান মারজান, বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক সাইফুল ইসলাম, ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত আরিফ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মাহির শাহরিয়ার রেজা, বাংলাদেশ ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স, ছাত্র ফোরামের আহ্বায়ক রিয়াদ হোসেন এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের সভাপতি মো. মাসুদ রানা জুয়েলের।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ফ্যাসিবাদবিরোধী ছাত্রসংগঠনগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা জোরদার করাই এ আলোচনা সভার উদ্দেশ্য।