চট্টগ্রাম নগরের হালিশহরে পুলিশ সদস্যদের চোখের সামনেই সড়ক থেকে চুরি হয়েছে থানার একটি পিকআপ ভ্যান। পুলিশ লাইনের সামনে গাড়ি রেখে পাশের একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে যান টহল দলের সদস্যরা।
খাওয়া শেষে ফিরে এসে দেখেন, গাড়িটি আর সেখানে নেই। পরে সিসি ক্যামেরার ফুটেজে এক ব্যক্তিকে পিকআপটি নিয়ে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া গাড়িটি উদ্ধারে অভিযান শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহলে বের হয়েছিলেন পুলিশ সদস্যরা। দলে সম্ভবত তিনজন ছিলেন। তারা পুলিশ লাইনের সামনে গাড়িটি পার্কিং করে পাশের একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান।
তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি পিকআপে উঠে দ্রুত সেটি নিয়ে পালিয়ে গেছেন। চোরকে গ্রেফতার এবং গাড়িটি উদ্ধারে পুলিশ কাজ করছে।
দিনদুপুরে পুলিশ সদস্যদের ব্যবহৃত গাড়ি চুরির ঘটনায় নগর পুলিশের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। একাধিক পুলিশ দল চুরি যাওয়া পিকআপের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, তদন্তের পর ঘটনার বিস্তারিত জানানো হবে।


