জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। ছেলের এক ভিডিও বার্তার জের ধরে এ গ্রেফতারের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় এক ব্যক্তি।
বুধবার (১৮ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি তদন্ত নাজমুল জান্নাত শাহ।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে খোকনের ছেলে শাহাদাৎ হোসেন চয়ন ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ডাকা ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচি সফলের আহ্বান জানান।
এরপর চয়নকে গ্রেফতারে উপজেলার ইটাইল ইউনিয়নের শৈলারকান্দা এলাকায় তার বাড়িতে অভিযান চালায় পুলিশ।
জামালপুর সদর থানার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল চয়নকে না পেয়ে বাড়িতে থাকা তার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন খোকনকে গ্রেফতার করে। বুধবার দুপুরেও চয়নের ফেসবুক আইডিতে লকডাউন সফলের আহ্বানের ভিডিও বার্তাটি দেখা গেছে।
চয়ন জামালপুর সদর উপজেলার নান্দিনা সাংগঠনিক উপজেলা শাখা ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে।
জামালপুর সদর থানার ওসি তদন্ত নাজমুল জান্নাত শাহ বলেন, নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


