প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার লালমনিরহাট সফরে আসছেন। তার সফর ঘিরে প্রতিদিন পাড়া-মহল্লায় মিছিল করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সফরে প্রধানমন্ত্রীর কাছ থেকে অন্তত ছয়টি দাবি পূরণের ঘোষণা পাওয়ার প্রত্যাশা করছেন তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত এ জেলার বাসিন্দারা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার লালমনিরহাটে আসছেন তারেক রহমান। প্রিয় প্রধানমন্ত্রীকে বরণ করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলাবাসী। জেলার মানুষের বিভিন্ন দাবি পূরণে প্রধানমন্ত্রী ঘোষণা দেবেন বলে আশা করছি।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছেন বিএনপির নেতাকর্মীরা। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রিয় নেতাকে একনজর দেখতে এবং তার বক্তব্য শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এ জনপদের মানুষ।
এদিকে তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। বিগত সরকার এ প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি। ফলে প্রকল্পটির অপেক্ষায় রয়েছেন তিস্তাপাড়ের লাখো মানুষ। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের আট জেলার মানুষ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
ওই আন্দোলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির তৎকালীন চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় গেলে প্রকল্পটি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন। তাই প্রধানমন্ত্রীর এ সফরে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত রোডম্যাপ ঘোষণার প্রত্যাশা করছেন নদীপাড়ের মানুষ।
লালমনিরহাট বিমানবন্দর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এটি পুনরায় চালুর দাবিও দীর্ঘদিনের। সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও আমলা ইতিমধ্যে কয়েক দফায় বিমানবন্দরটি পরিদর্শন করেছেন। এবার প্রধানমন্ত্রীর কাছ থেকে এটি চালুর ঘোষণার প্রত্যাশা করছেন স্থানীয়রা।
চরাঞ্চলে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবিও দীর্ঘদিনের। বিগত সরকারের সময় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় এ জন্য জমি নির্বাচন করা হলেও প্রকল্পটি আর এগোয়নি। স্থানীয় বিএনপির সংসদ সদস্যের নির্বাচনী ইশতেহারেও ওই এলাকায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ছিল। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সেই দাবি আবারও সামনে এসেছে।
বুড়িমারী স্থলবন্দরে বর্তমানে পাথর আমদানি ছাড়া অন্য পণ্যের ব্যবসা তেমন নেই। একসময় ২০টির বেশি পণ্যের আমদানি-রফতানি হলেও বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরে অনেক পণ্যের বাণিজ্য বন্ধ রয়েছে। ফলে সম্ভাবনাময় এ বন্দরটি পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। আগের মতো ব্যবসা-বাণিজ্যের প্রাণচাঞ্চল্য ফেরাতে প্রধানমন্ত্রীর ঘোষণার অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ীরা।
একইসাথে বন্দরটির সাথে যোগাযোগব্যবস্থা উন্নয়নে বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবিও দীর্ঘদিনের। পাশাপাশি বুড়িমারী স্থলবন্দরের পণ্য পরিবহনে পুনরায় মালবাহী ট্রেন চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। একসময় কম খরচে রেলপথে পণ্য পরিবহন করা হলেও বর্তমানে সেই সুবিধা বন্ধ রয়েছে। এ ছাড়া বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাটের পরিবর্তে বুড়িমারী থেকে চালুর ঘোষণাও চান স্থানীয়রা।
লালমনিরহাটের অন্যতম ব্র্যান্ডিং পণ্য ভুট্টা। অথচ জেলায় এখনো গড়ে ওঠেনি ভুট্টাজাত পণ্য উৎপাদনের কোনো বড় শিল্পকারখানা। কৃষির উন্নয়ন ও স্থানীয় কর্মসংস্থান সৃষ্টিতে তিস্তা চরাঞ্চলে ভুট্টাজাত শিল্পকারখানা প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। স্বল্প মজুরিতে শ্রমিক পাওয়ার সুবিধাকে কাজে লাগিয়ে এ অঞ্চলে শিল্পায়নের প্রত্যাশা করছেন চরাঞ্চলের মানুষ।
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সম্পাদক শফিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা আশা করছি, প্রধানমন্ত্রী এ সফরে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করবেন।
লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাকে বরণ করতে প্রস্তুত জেলাবাসী।


