আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মুসলিম উত্তরাধিকার আইন সংশোধন করা হবে না। কোরআনের বিধান অনুযায়ী বর্তমানে যেভাবে উত্তরাধিকার আইন প্রচলিত রয়েছে, সেভাবেই তা চলবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না উচ্চবিদ্যালয় মাঠে ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে ২৭ শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মরণে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, দেশে ফিরতে হলে তাকে আইনি কাঠামোর মধ্য দিয়েই ফিরতে হবে। দেশের মানুষ অতন্দ্র প্রহরীর মতো সব অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত রয়েছে।
আইনমন্ত্রী আরও বলেন, ক্ষমতার লোভে অগ্নি সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। গোপালগঞ্জের সাধারণ মানুষ জ্বালাও-পোড়াও পছন্দ করেন না। সেখানে পলাতক ফ্যাসিবাদের সন্ত্রাসীরা সাধারণ মানুষকে জিম্মি করে অপতৎপরতা চালাচ্ছে। সরকার সব ধরনের অপরাধের বিষয় আমলে নিচ্ছে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মুসলিম উত্তরাধিকার আইন সংশোধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উত্তরাধিকার আইন সংশোধন করা হবে না। কোরআনের বিধান অনুযায়ী বর্তমানে যেভাবে উত্তরাধিকার আইন প্রচলিত রয়েছে, সেভাবেই তা চলবে।


