স্বরাষ্ট্রমন্ত্রীকে ভারতের এজেন্ট বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এ আর হাফিজ উল্লাহ। একই সাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল-পূর্ববর্তী সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
পরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে বিক্ষোভ মিছিল করে জামায়াত। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।
জেলা জামায়াতের আমির এ আর হাফিজ উল্লাহ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করলে এ দেশে জাতীয় ঐক্য সম্ভব, না হলে সুদৃঢ় ঐক্য হবে না। আপনার দলে ভারতীয় এজেন্টরা লুকিয়ে আছে। তাদের চিহ্নিত করুন। প্রশাসনের মধ্যে ভারতীয় এজেন্টরা লুকিয়ে আছে। তাদেরও চিহ্নিত করুন। আমরা স্পষ্ট বলতে চাই, এ সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। এ স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকার অধিকার নেই। তাকে পদত্যাগ করতে হবে। এ স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের এজেন্ট। শিলংয়ে সাত বছর থেকে ‘র’-এর ট্রেনিং নিয়েছেন। এ দেশে তাকে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন হবে না। আমরা চাই, সরকার এসব বিষয় ভালোভাবে দেখুক।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ এ দেশে গুম, খুন ও সন্ত্রাসের নায়ক। এ দেশে আওয়ামী লীগের রাজনীতি চলতে দেওয়া হবে না। শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হলে ফাঁসিতে ঝুলে আসতে হবে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, জেলা আমির এ আর হাফিজ উল্লাহ, নায়েবে আমির মাওলানা ফারুক হোসাইন নুরনবী ও মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবীর মুরাদ, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবদুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, সদর উপজেলা জামায়াতের আমির ফয়েজ আহমেদ, চন্দ্রগঞ্জ উপজেলা আমির অ্যাডভোকেট রেজাউল ইসলাম সুমন খান ও রামগঞ্জ উপজেলা আমির নাজমুল হাসান পাটওয়ারী প্রমুখ।


