জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ একটি টেরোরিস্ট রাজনৈতিক দল। তারা আগুন দিয়ে মানুষের বাড়িঘর পুড়িয়েছে, যানবাহনে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করেছে। হেলপার-ড্রাইভারদের পুড়িয়ে মেরেছে। যারা সন্ত্রাস ও নৈরাজ্য করে, তারা কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে না।
তিনি বলেন, বিএনপি সন্ত্রাস, অগ্নিসংযোগ কিংবা মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে না। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কিংবা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও কখনো এ ধরনের রাজনীতি করেননি।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে নাটোর সদর ও নলডাঙ্গা নির্বাচনী এলাকার জনগণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, বিএনপি ক্ষমতায় এসেছে মাত্র আট মাস হয়েছে। এরই মধ্যে আবার রাজপথে নামতে হয়েছে। গত ১৭-১৮ বছর ধরে নাটোরসহ সারা দেশের মানুষকে জিম্মি করে রাখা হয়েছিল। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে মানুষ গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পেয়েছে। অথচ আবারও সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে নামতে হচ্ছে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর অতীতের তিক্ত ঘটনা ভুলে সামনে এগিয়ে যেতে চেয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বারবার অতীত ভুলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ অতীতের সেই পরিস্থিতি আবারও ফিরিয়ে আনতে চায়। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, সরকার ও বিরোধী দলের মধ্যে মতভেদও থাকতে পারে। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো মতপার্থক্য নেই।
দুলু বলেন, জামায়াত, এনসিপিসহ দেশের সব রাজনৈতিক দল ও জনগণ যেভাবে ৫ আগস্ট ফ্যাসিবাদী শক্তিকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল, একইভাবে আগামী ডিসেম্বর বিজয়ের মাসজুড়ে নাটোরের জনগণকে সাথে নিয়ে রাজপথে থাকবে বিএনপি।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ কাজী রিয়াজুল হক মমিন, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


