...|...|...

সারাদেশ

টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধার মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৪৫
Shares
টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধার মৃত্যু

ছবি: টোল আদায়কারী আতিকুল ইসলাম

নেত্রকোণার মদনে পৌরসভার টোলের টাকা আদায়কে কেন্দ্র করে তর্ক-বিতর্কের একপর্যায়ে ধাক্কা দেওয়ার ঘটনায় আব্দুল বারেক (৮৬) নামে এক জুলাই যোদ্ধার মৃত্যু হয়েছে। 

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে মদন পৌরসভার চকপাড়া মোড়লবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় টোল আদায়কারী আতিকুল ইসলামকে (১৯) আটক করেছে পুলিশ।

নিহত আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও ইউনিয়নে চকপাড়া গ্রামের আব্দুল গণির ছেলে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে তিনি এক চোখ হারান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য ময়মনসিংহে গিয়েছিলেন আব্দুল বারেক। সেখান থেকে রিজার্ভ সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে চকপাড়া মোড়লবাড়ি এলাকায় পৌরসভার টোল আদায়কারী আতিকুল ইসলাম গাড়িটির চালক রায়হানের কাছে ২০ টাকা টোল দাবি করেন। এ সময় চালকের কাছে খুচরা টাকা না থাকায় বারেক এক হাজার টাকার নোট দেন।

টোলের টাকা নেওয়ার পর বাকি টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে আতিকুলের সাথে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আতিকুল তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।  এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।