গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
সোমবার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এসময় উল্টো শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্র ভঙ্গ করে দেয়। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় মহাসড়কে প্রায় আধাঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, গোয়ালপাড়িয়া মাস্টারবাড়ী এলাকায় পাঁচ ছয়টি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। পরে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে সাথে সাথে তাদের সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ওই এলাকায় ছয়টি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সোমবার পর্যন্ত গাজীপুরে ৩০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।


