নেত্রকোনার কলমাকান্দায় দুই পক্ষের সংঘর্ষে বুকে টেটার আঘাতে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। শুক্রবার (৩০ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের খাতে সালেঙ্গা গ্রামে এই ঘটনা হয়।
নিহত যুবক খাতে সালেঙ্গা গ্রামের আবুল হাশিমের ছেলে সাদ্দাম মিয়া (৩০)। সাদ্দাম দর্জির কাজ করতেন।
আহত ব্যক্তিরা হলেন- একই এলাকার হারিস মিয়ার ছেলে মো. দুরবীন মিয়া (৩৬), শফিকুলের ছেলে মো. আজহার (২২) এবং কাশেমের ছেলে হাদিস (৩০)।
স্থানীয়দের বরাতে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, গ্রামে দুই পক্ষের মধ্যে পূর্ববিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার রাতে গ্রামে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এসময় তিন জন আহতের মধ্যে সাদ্দাম মিয়া বুকে টেটাবিদ্ব হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা এমএমএস মাটি সাদ্দাম মিয়াকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. সোহেল রানা আরও জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় তদন্তসহ হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।


