‘বাবা-মায়ের সবচেয়ে অকর্মা সন্তান গুলোই সাংবাদিক হয়’-এমন মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক এক নেতা। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় মাজহারুল ইসলাম নামের ওই নেতার ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা যায়।
এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘জল পাডা সাংবাদিকের নিউজ হলো জলপরী নিউজ... কিছু কিছু সাংবাদিক দেখলে মনে হয়, বাবা-মায়ের সব থেকে অকর্মা সন্তান গুলোই সাংবাদিক হয়।’
মাজহারুল ইসলাম নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং নরসিংদী কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
সাংবাদিকদের নিয়ে এমন ‘অবমাননাকর’ মন্তব্যের ঘটনায় তার স্ট্যাটাস ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা।
স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে মাজহারুল ইসলাম বলেন, সব সাংবাদিক সৎ কিংবা ভালো না, আমি সকল সাংবাদিককে বলিনি, কিছু সাংবাদিককে বলেছি।
মেইনস্ট্রিম কোন সাংবাদিক লিখেছে ‘জলপরী’ পাওয়া গেছে, এমনটা আপনি কোথায় পেয়েছেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আসলে পুরো নিউজ পড়িনি কিংবা পুরো ভিডিও নিউজও দেখিনি, স্ক্রল করতে যেয়ে যেটুকু সামনে এসেছে সেটুকুই দেখেছি।

