...|...|...

রাজনীতি

দেশের প্রশ্নে জাতীয়তাবাদী শক্তি কখনো আত্মসমর্পণ করবে না: রিজভী

ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, রাত ৮:০৮
Shares
দেশের প্রশ্নে জাতীয়তাবাদী শক্তি কখনো আত্মসমর্পণ করবে না: রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ফাইল ছবি

দেশের প্রশ্নে ও জাতির প্রশ্নে জাতীয়তাবাদী শক্তি কখনো আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রের লড়াই করছি, সবকিছু করছি। কিন্তু দেশের প্রশ্নে, জাতির প্রশ্নে আমরা কখনোই আত্মসমর্পণ করব না। আমরা আমাদের যে অস্তিত্ব, আমাদের যে ভূমি এটিকে রক্ষা করার জন্য শেষ পর্যন্ত লড়াই করব।’

বুধবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এ্যাসোসিয়েশন অডিটরিয়ামে আবরার ফাহাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, আবরার ফাহাদের আত্মদানের মধ্য দিয়ে ‘বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী’ কথাটি নতুন করে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, ‘তোমরা হয়তো অনেক কিছুই করতে পারো, অনেক চুক্তি করতে পারো। কিন্তু জনগণ বিনা যুদ্ধে আমার স্বার্থের বাইরে কিছু যায়, সেখানে আপস করবে না।’

তিনি আরও বলেন, আবরারের আত্মদান শুধু একটি নিছক হত্যাকাণ্ড হিসেবে দেখলে হবে না। তার ফেসবুক পোস্টের প্রতিটি শব্দ ছিল অত্যন্ত ধারালো, শানিত ও তীক্ষ্ণ। দেশের শত্রুদের বিরুদ্ধে, যারা বাংলাদেশকে করায়ত্ত করতে চায় এবং আগ্রাসী থাবার মধ্যে রাখতে চায়, তার বক্তব্য ছিল তাদের বিরুদ্ধে।

রিজভী বলেন, আবরারকে আক্রমণ ও হত্যার মধ্য দিয়ে তাকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যাতে এ ধরনের কথা লিখলে আর কেউ সাহস না করে। কিন্তু সেই বার্তা ভুল প্রমাণিত হয়েছে। বরং আবরারের মৃত্যু গোটা জাতিকে আরও বেশি সংগঠিত করেছে এবং আগ্রাসী ও সম্প্রসারণবাদী শক্তির বিরুদ্ধে মানুষের প্রতিরোধের শক্তির স্ফুরণ ঘটেছে।

তিনি বলেন, ‘আবরার এদেশের জাতীয়তাবাদী শক্তির এক অনন্য উজ্জ্বল প্রজ্জ্বল প্রতীক। এই প্রতীককে কেউ অবগুণ্ঠন করে রাখতে পারবে না, একে কখনো কুণ্ঠিত করতে পারবে না।’

রিজভী আরও বলেন, জাতীয়তাবাদী শক্তির বিভিন্ন সংগঠন এবং বিএনপির অঙ্গসংগঠনগুলো এই চেতনা ধারণ করে। জাতীয়তাবাদী ছাত্রদলও এর অংশ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও পতাকা রক্ষায় সবাইকে শেষ পর্যন্ত লড়াই করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে ২০১৯ সালের ৮ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বপ্রথম ছাত্রদল প্রতিবাদে নামে। ছাত্রলীগের চোখ রাঙানি উপেক্ষা করে সেদিন হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী প্রতিবাদে শামিল হয়েছিলেন।

তিনি বলেন, আবরার ফাহাদের মতোই ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে শত শত ছাত্রদল নেতাকর্মীকে পৈশাচিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। অনেকের হত্যাকাণ্ডের কোনো সিসি ক্যামেরার ফুটেজ বা ডকুমেন্টস পাওয়া যায়নি। ২০২৪ সালে গুম কমিশন গঠনের পরও অসংখ্য ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীকে চোখ বেঁধে, বালুর বস্তা বেঁধে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

রাকিব বলেন, আবরার ফাহাদের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বোঝা গেছে, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না। ক্ষমতা কুক্ষিগত করা এবং প্রতিবেশী রাষ্ট্রের বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যে পরিণত করার অভিপ্রায় থেকেই তারা এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।