...|...|...

সারাদেশ

ইউরোপের কথা বলে টাকা গ্রহণ, বিএনপির দুই নেতার বিরুদ্ধে অভিযোগ

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৫৬
Shares
ইউরোপের কথা বলে টাকা গ্রহণ, বিএনপির দুই নেতার বিরুদ্ধে অভিযোগ

ইউরোপে ভালো বেতনের চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার পর ১৪ মাসেও ভিসা না দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার রাতে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী এক যুবক।

অভিযুক্তরা হলেন কানাডা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির পাটোয়ারী ও সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির নেতা আনোয়ার হোসেন রতন।

ফেনী পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম মধুপুর এলাকার বাসিন্দা আবদুল আল নোমান অভিযোগটি করেন। লিখিত অভিযোগে তিনি বলেন, ডেনমার্কে ভালো বেতনের চাকরির ভিসা করে দেওয়ার কথা বলে সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির নেতা আনোয়ার হোসেন রতনের মাধ্যমে হুমায়ুন কবির পাটোয়ারীর সাথে তার ১৬ লাখ টাকায় চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের ২০ জুন রাতে ফেনীর মিজান রোড এলাকায় কয়েকজনের উপস্থিতিতে তার কাছ থেকে নগদ এক লাখ টাকা নেওয়া হয়। পরে ভিসার জন্য জরুরি ভিত্তিতে আরও টাকা প্রয়োজন বলে জানানো হলে ২৬ জুন ডাচ্-বাংলা ব্যাংকের মাধ্যমে আরও এক লাখ টাকা পাঠান তিনি।

অভিযোগে বলা হয়, মোট দুই লাখ টাকা দেওয়ার পর ছয় মাসের মধ্যে ডেনমার্কের ভিসা দেওয়ার কথা ছিল। তবে অভিযোগকারীর দাবি, ছয় মাসের পরিবর্তে প্রায় ১৪ মাস পার হলেও তাকে ভিসা দেওয়া হয়নি। একই সাথে টাকা ফেরত চাইলেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হচ্ছে।

নোমান আরও দাবি করেন, পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, আনোয়ার হোসেন রতনের মাধ্যমে হুমায়ুন কবির পাটোয়ারী আরও কয়েকজনের কাছ থেকেও ইউরোপে নেওয়ার কথা বলে লাখ লাখ টাকা নিয়েছেন। তাদের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও টাকা ফেরত না পেয়ে থানায় অভিযোগ করেন নোমান। অভিযোগের সাথে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর রশিদের কপিও সংযুক্ত করেছেন বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে আনোয়ার হোসেন রতন বলেন, বিষয়টি সমাধান করে তার পাওনা আমরা পরিশোধ করব।

হুমায়ুন কবির পাটোয়ারী বলেন, বাদী কারও দ্বারা প্ররোচিত হয়ে এই অভিযোগ করেছেন। আনোয়ারকে ভুক্তভোগী টাকা দিয়েছে। গতকাল তিনি বিষয়টি সমাধান করেছেন। তাহলে নিউজ কেন?

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।