...|...|...

সারাদেশ

লক্ষ্মীপুরে বিএনপি নেতার পিকআপে অগ্নিসংযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, রাত ৯:১৭
Shares
লক্ষ্মীপুরে বিএনপি নেতার পিকআপে অগ্নিসংযোগ

লক্ষ্মীপুরে বিএনপি নেতার পিকআপে অগ্নিসংযোগ। ছবি: টাইমস টুডে

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের একটি পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে উপজেলার পশ্চিম মান্দারী বাজারের ফিশারি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করেছেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব।

স্থানীয়রা জানান, পশ্চিম মান্দারী বাজারে একটি গ্যারেজের সামনে পিকআপটি মেরামতের কাজ চলছিল। বুধবার ভোররাতে স্থানীয়রা হঠাৎ গাড়িটির সামনের অংশে আগুন জ্বলতে দেখেন। পরে বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তবে এর আগেই দুর্বৃত্তরা পিকআপে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয়দের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে এ ঘটনা ঘটিয়েছে।

দিঘলী ইউনিয়ন বিএনপির নেতা জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা পিকআপে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে পিকআপের সামনে ও পেছনের বেশ কিছু অংশ পুড়ে যায়। এ বিষয়ে মামলা করা হবে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব বলেন, নাশকতার উদ্দেশ্যে আতঙ্ক ছড়াতে পিকআপে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি মামলার প্রস্তুতিও চলছে।