...|...|...

সারাদেশ

সরকার গঠনের পর থেকেই ফ্যাসিবাদের পথে হেঁটেছে বিএনপি: নজরুল ইসলাম

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০০
Shares
সরকার গঠনের পর থেকেই ফ্যাসিবাদের পথে হেঁটেছে বিএনপি: নজরুল ইসলাম

চট্টগ্রামে জামায়াতে ইসলামীর বিক্ষোভ। ছবি: টাইমস টুডে

দেশে সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী। সমাবেশে বিএনপি সরকারের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি ও খুন-খারাবির অভিযোগ তুলে দলটির সমালোচনা করেছেন মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর বাদামতল, আগ্রাবাদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

মিছিল-পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি বলেন, সরকার গঠনের পর থেকেই বিএনপি নিজেরাই ফ্যাসিবাদের পথে হেঁটেছে। চাঁদাবাজি, দখলবাজি ও খুন-খারাবিতে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে।

তিনি বলেন, গণভোটের গণরায়ের মধ্য দিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেটিই ছিল জাতীয় সংকট উত্তরণের প্রধান ভিত্তি। কিন্তু বিএনপি সরকার সেই ঐক্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে। গণরায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কারের পথে হাঁটলে জুলাইয়ের জাতীয় ঐক্য অটুট থাকত। তখন পতিত ফ্যাসিবাদ নাশকতা ও অগ্নিসন্ত্রাস করার সাহস পেত না।

নজরুল ইসলাম আরও বলেন, বিতর্ক ও বিভেদ উসকে দিয়ে জুলাইয়ের চেতনাকে সমূলে উপড়ে ফেলার ষড়যন্ত্রের ফাঁদে আটকা পড়েছে বিএনপি। পতিত ফ্যাসিবাদের সমর্থক ও কালোটাকার সুবিধাভোগীরা বিএনপির আশ্রয়ে থেকেই আবারও শক্তিশালী হওয়ার চেষ্টা করছে। তারা বিএনপির কোলে আশ্রয় নিয়ে কালসাপ হয়ে ফিরে আসতে চায়।

বেগম খালেদা জিয়ার উক্তি, ‘সাপকে বিশ্বাস করা যায়; কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না’ উল্লেখ করে তিনি বলেন, এই বাস্তবতা ভুলে যাওয়ার কারণেই বিএনপি আজ জাতীয় সংকট সৃষ্টি করেছে। দেরিতে হলেও বিএনপির শুভবুদ্ধির উদয় হোক। সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে জাতীয় ঐক্যের ভিত্তিতে সংকট উত্তরণে সরকার এগিয়ে এলে বিরোধী দলসহ জুলাইয়ের সকল শক্তিকে পাশে পাবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, সাবেক কাউন্সিলর শফিউল আলম এবং ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি রাকিবুল ইসলাম।