...|...|...

সারাদেশ

মাইগ্রেনের ব্যথা সারাতে বাসায় চলে আসো, আ.লীগ নেত্রীকে ওসি

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৫:২৫ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৩০
Shares
মাইগ্রেনের ব্যথা সারাতে বাসায় চলে আসো, আ.লীগ নেত্রীকে ওসি

ওসি ফয়জুল আজিম নোমান ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনি। ছবি: টাইমস টুডে

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ওসির বাসায় যাওয়া, মামলা, দুই লাখ টাকা এবং গ্রেফতারের পরের বিভিন্ন ঘটনা নিয়ে তাদের কথোপকথন শোনা যায়। এ ঘটনায় নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ছড়িয়ে পড়া অডিওর একটি অংশে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে দ্রুত তার বাংলোতে যেতে বলেন ওসি ফয়জুল আজিম নোমান। তাকে বলতে শোনা যায়, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’

ওসির বাসায় যেতে কোনো সমস্যা হবে কি না, নারী নেত্রীর এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ এ সময় ওই নারী নেত্রী তাকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করলে ওসি মনঃক্ষুণ্ন হন বলে কথোপকথনে শোনা যায়।

ফোনালাপের আরেক অংশে নিজের বিরুদ্ধে করা মামলা, কারাবাস, জামিনে দুই লাখ টাকা ব্যয় এবং আর্থিক ক্ষতির বিষয় তুলে ধরেন তাসকিরা তানিন সনি। এ ছাড়া তুহিন ও পারভেজ নামের দুই ব্যক্তির বিরুদ্ধে তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি। পারভেজের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

অন্যদিকে ওসি তাকে রাজনীতি, স্বার্থ ও অর্থনৈতিক বিষয়গুলোর বাইরে থেকে চিন্তা করে যোগাযোগ রাখার পরামর্শ দেন। কথোপকথনে দুই লাখ টাকা নেওয়ার বিষয়টি কাউকে না জানানোর কথা ওসি বলেছেন বলে অভিযোগ করেন নারী নেত্রী। তবে এ অভিযোগ অস্বীকার করেন ওসি।

এর আগে গত ১০ নভেম্বর দিনগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেফতার করে দাগনভূঞা থানা-পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্ত হওয়ার পর মঙ্গলবার (২৪ নভেম্বর) তাদের কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন তাসকিরা তানিন সনি। তার দাবি, গ্রেফতারের পর থানা হাজতে ওসি তার শ্লীলতাহানি করেছেন এবং তাকে আলিঙ্গন করার অনুরোধ জানিয়েছেন। এসব ঘটনার প্রতিকারও দাবি করেন তিনি।

তবে নারী নেত্রীর তোলা অভিযোগগুলো অস্বীকার করেছেন ওসি ফয়জুল আজিম নোমান। ফোনালাপে নিজের কণ্ঠ ও কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি জানান, আসামিকে গ্রেফতারে ভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে সম্প্রতি আদালতের নির্দেশে ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনা চলছে।