...|...|...

সারাদেশ

সম্পত্তি লিখে না দেওয়ায় মা-বাবাসহ বোনদের কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১:১২
Shares
সম্পত্তি লিখে না দেওয়ায় মা-বাবাসহ বোনদের কুপিয়ে জখম

ছবি: সংগৃহীত

সম্পত্তি লিখে না দেয়ার কারণে মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গল গ্রামের মা, বাবা আর দুই বোনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে ছেলে ও তার স্ত্রীরা। গুরুতর আহত অবস্থায় মঙ্গরবার (২৪ নভেম্বর) রাত ৭টার দিকে মাদারীপুর আড়াই শ’ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় দোষীদের বিরুদ্ধে গ্রেফতারের দাবি অসহায় পরিবারের।

আহতরা হলো রাজৈর পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব স্বরমঙ্গল গ্রামের মৃত হাছেন খানের ছেলে রজব আলী খান (৬৫), রজব খানের স্ত্রী পারুল বেগম (৫৫) ও তার দুই মেয়ে রেশমা বেগম (৩৮) এবং রিক্তা আক্তার (২৮)। আহত সবাইকে মাদারীপুর আড়াই শ’ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভূক্তভোগি পরিবার ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাজৈর পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব স্বরমঙ্গল গ্রামের রজব আলী খান ও তার পরিবারের লোকজন বাড়ীর সম্পত্তি নিয়ে পারিবারিকভাবে কথা বলছিলেন। এসময় রজব খানের দুই ছেলে জহিরুল ইসলাম খান, নজরুল খান ও তাদের স্ত্রী হালিমা এবং রুনা বেগম নিজেদের নামে বাড়ীর ২৪ শতাংশ জমি লিখে দিতে বলেন। কিন্তু রজব খান তাকে অস্বীকৃতি জানান।

এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে রজব খান, তার স্ত্রী ও দুই মেয়েকে মাথা ও হাতের একাধিক স্থানে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার দেখভাল করেন। থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। 

এব্যাপারে আহত রজব আলীর স্ত্রী পারুল বেগম বলেন, ‘আমার ও আর আমার স্বামীর নামে ২৪ শতাংশ জমি আছে। সেগুলো ছেলেদের নামে লিখে দেওয়ার জন্য অনেক দিন ধরেই মারপিট করে আসছে। সেই বিষয় নিয়ে আমার দুই মেয়ে বাড়ীতে আসলে তাদের উপরে ছেলেরা চাপ দেয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে আমাদের চার জনকে কুপিয়ে রক্তাক্ত করছে। এমন ছেলেদের বিচার না হলে আমাদের বাঁচতে দিবে না। ওদের বিচার দাবি করি।’

ঘটনার পর থেকে অভিযুক্তরা ছেলেরা বাড়ি থেকে গা ঢাকা দিয়েছে। তাদের সাথে যোগাযোগ করা যায়নি। 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। সম্পত্তির জন্য বৃদ্ধা বাবা-মাকে এভাবে রক্তাক্ত করা ঠিক হয়নি। যদি আহতরা মামলা করে, তাহলে দ্রুতই আসামীদের গ্রেফতার করা হবে।’