শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল আশুলিয়ার নিশ্চিন্তপুরে অনন্ত গার্মেন্টসের ভেতরে উত্তেজিত শ্রমিকদের হামলায় নিরাপত্তাকর্মীসহ চারজন আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে উৎপাদন কার্যক্রম শুরু করলেও পরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে কয়েকটি কারখানায় কর্মবিরতি শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে কর্মবিরতিতে অংশ নেওয়া কারখানার সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে নিরাপত্তার স্বার্থে বিভিন্ন কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
আহতরা হলেন-মো. মিজানুর রহমান, রওশন আলী, নাঈমুর রহমান ও খিজির আহমেদ। তাদের আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সকালে শ্রমিকরা দল বেঁধে কারখানায় প্রবেশ করে উৎপাদন কার্যক্রম শুরু করেন। পরে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে নিউএইজ গ্রুপ, অনন্ত গার্মেন্টস, শারমিন গ্রুপসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন শুরু করেন।
শিল্প পুলিশ জানায়, সকালে শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন। পরে নিউএইজ গ্রুপ, ম্যাংগো টেক্স, কমফিট কম্পোজিট নিট লিমিটেড ও অনন্ত গার্মেন্টসসহ আশপাশের বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। সকালে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলেও দুপুরের মধ্যে মোট ৬০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এর আগে সকালে কাঠগড়া এলাকার কন্টিনেন্টাল গার্মেন্টস প্রাইভেট লিমিটেড, সিগমা ফ্যাশন লিমিটেড ও আফিয়া নিটওয়্যার লিমিটেডসহ আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। ছুটি পেয়ে শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ায় ১৩/১ ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২২টি তৈরি পোশাক কারখানা। এ ছাড়া সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ৬০টি পোশাক কারখানায়। শিল্পাঞ্চলে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে পুলিশ ও বিজিবিসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।


