লাইন রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে শরীয়তপুরের একটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ বিদ্যুৎ বিভ্রাটের কথা জানিয়েছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
সমিতির রুদ্রকর অভিযোগ কেন্দ্র থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পালং-৩ (১০ এমভিএ) উপকেন্দ্রের ৪ডি নম্বর বুড়িরহাট ফিডারের আওতাধীন দেওভোগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কাটার কাজ (রাইট অব ওয়ে বা ROW ক্লিয়ারেন্স) পরিচালনা করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। একই সাথে নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি।


