ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, কালো তালিকাভুক্তি ও শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায়। শ্রমিকদের আন্দোলন, পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ২৬৪টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার (২ নভেম্বর) বিকেলে শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, টানা তৃতীয় দিনের মতো সোমবার সকালেও তিন দফা দাবিতে বিভিন্ন কারখানার শ্রমিকেরা আন্দোলনে নামেন। সকালে নবীনগর-চন্দ্রা সড়কের বাড়ইপাড়া এলাকায় অবস্থান নিয়ে বেতন বৃদ্ধিসহ দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান তারা। পরে আশুলিয়া থানা-পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
অন্যদিকে নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকেরা কারখানার ভেতরে কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে তারা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের অনন্ত গার্মেন্টসের সামনে জড়ো হন। এ সময় নিট এশিয়া, আল-মুসলিম, ট্রাউজার লাইন ও অনন্ত গার্মেন্টসসহ কয়েকটি কারখানায় আগের দিনের মতো সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
পরে শ্রমিকেরা সড়কে অবস্থান নিলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় নরসিংহপুর এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
পুলিশ জানায়, পিকার্ড বাংলাদেশ, আর্টিস্টিক ডিজাইন, জনরন সোয়েটার, ফেরারি গার্মেন্টস, ডেনিটেক্স, আনলিমা টেক্সটাইল, আল ইসলাম টেক্সটাইল ও জি কিউ ইন্ডাস্ট্রিজসহ কয়েকটি কারখানার সামনে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসব ঘটনায় শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে পুলিশ। এ ঘটনায় দুই পোশাকশ্রমিককে আটক করা হয়েছে।
শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের তিন দফা দাবিকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়ায় অসন্তোষ দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২৬৪টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


