...|...|...

সারাদেশ

৫০ যাত্রী নিয়ে খাদে বাস, নারী-শিশুসহ আহত ২০

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, বিকেল ৫:২৫
Shares
৫০ যাত্রী নিয়ে খাদে বাস, নারী-শিশুসহ আহত ২০

৫০ যাত্রী নিয়ে খাদে বাস। ছবি: টাইমস টুডে

সড়কে চলছিল যাত্রীবোঝাই বাস। গন্তব্য ছিল টেকেরহাট। কিন্তু পথেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় বাসটি। মুহূর্তেই বাসের ভেতর শুরু হয় যাত্রীদের চিৎকার, আতঙ্ক আর বাঁচার আকুতি। দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া বাসস্ট্যান্ডের প্রায় ৫০০ গজ পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত বাসটির নাম জননী ট্রাভেলস। বাসটি ফরিদপুর থেকে টেকেরহাটের উদ্দেশে ছেড়ে গিয়েছিল। এটি ফরিদপুর মালিক সমিতির আওতাধীন গণপরিবহন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৫০ জনের বেশি যাত্রী ছিলেন। চলন্ত অবস্থায় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রীরা ছিটকে পড়েন এবং অনেকে ভেতরে আটকা পড়েন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে সাতজন নারী ও দুটি শিশু রয়েছে। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে আহতদের বাইরে বের করে আনতে সহযোগিতা করেন।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

তবে কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।