জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ফরিদপুরের সাতটি উপজেলায় টানা দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত এ বিদ্যুৎ বিভ্রাটের কথা জানানো হয়েছে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে এমন উপজেলাগুলো হলো-বোয়ালমারী, আলফাডাঙ্গা, নগরকান্দা, সালথা, ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফরিদপুর গ্রিড উপকেন্দ্রের বাস সেকশন-২ ও ৩-এর মধ্যবর্তী ডিএসের ক্ল্যাম্পে অতিরিক্ত তাপ সৃষ্টি হওয়ায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কাজের জন্য নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছে কর্তৃপক্ষ। তবে জরুরি প্রয়োজনে নির্ধারিত সময়ের আগেও সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ লাইন চালু হতে পারে।
এ কারণে বিদ্যুৎ লাইন ও সংশ্লিষ্ট স্থাপনার আশপাশে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।


