বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে যেসব সমস্যা চিহ্নিত হয়েছে, সেগুলো দ্রুত সমাধান করে দেশে সুষ্ঠু বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। তিনি বলেন, গত আট মাসে কাজের অগ্রগতিতে তারা সন্তুষ্ট। ইতোমধ্যে ৩০টি কারখানা উৎপাদনে গেছে এবং ১৫টি কারখানার নির্মাণকাজ চলছে। এ পর্যন্ত ১৫ হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগ এসেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এবিএম আব্দুস সাত্তার বলেন, আগে কাজের অগ্রগতি কম ছিল। গত আট মাসে কাজের অগ্রগতিতে আমরা খুশি। ইতোমধ্যে ৩০টি কারখানা উৎপাদনে গিয়েছে। ১৫ টি কারখানা নিমার্ণাধীন রয়েছে। এই পর্যন্ত ১৫ হাজার কোটি টাকা বিদেশী বিনিয়োগ এসেছে।
পরিদর্শনকালে তিনি উৎপাদনে যাওয়া বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান এবং নির্মাণাধীন জেটি ঘুরে দেখেন। পরে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কার্যালয়ের সামনে একটি বৃক্ষরোপণ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার, বেজার নির্বাহী সদস্য সালেহ আহমদ, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামসহ অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

