...|...|...

তথ্যপ্রযুক্তি

মেটায় ৩০০ কোটি ডলার বিনিয়োগ করছে এনভিডিয়া

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, রাত ১০:৩৭
Shares
মেটায় ৩০০ কোটি ডলার বিনিয়োগ করছে এনভিডিয়া

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির উন্নয়ন ও সম্প্রসারণে একসাথে কাজের পরিধি বাড়াচ্ছে প্রযুক্তি বিশ্বের দুই জায়ান্ট এনভিডিয়া ও মেটা। এর অংশ হিসেবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার শেয়ার বিক্রির প্রস্তাবে ৩০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে এনভিডিয়া।

গত ২৭ অক্টোবর দুই প্রতিষ্ঠান এ বিষয়ে নতুন অংশীদারত্বের কথা জানায়। তাদের এই সহযোগিতার মূল লক্ষ্য মেটার ‘মিউজ’ (Muse) এআই অ্যাসিস্ট্যান্ট এবং এ-সংক্রান্ত উন্নত এআই মডেলগুলোর সক্ষমতা বাড়ানো। খবর রয়টার্সের।

চুক্তি অনুযায়ী, মেটার এআই মডেলগুলোর প্রশিক্ষণ ও ব্যবহারিক প্রয়োগের গতি বাড়াতে এনভিডিয়ার প্রযুক্তি ও কম্পিউটিং অবকাঠামো আরও ঘনিষ্ঠভাবে কাজে লাগানো হবে। পাশাপাশি মেটার ডেটা সেন্টারগুলোতে এনভিডিয়ার পরবর্তী প্রজন্মের ভেরা রুবিন (Vera Rubin) এআই অবকাঠামো, ভেরা সিপিইউ, স্পেকট্রাম-এক্স নেটওয়ার্কিং প্রযুক্তি এবং ব্লুফিল্ড-৪ (BlueField-4) ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের লক্ষ্য, ব্যক্তিগত এআই সহকারী ও উন্নত মডেলের মাধ্যমে কোটি কোটি মানুষের কাছে ‘পার্সোনাল সুপারইন্টেলিজেন্স’ পৌঁছে দেওয়া। এ উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে মিউজ এআইকে। অন্যদিকে, এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের মতে, এআই এজেন্ট কম্পিউটার ব্যবহারের ধরন বদলে দিতে পারে। এসব প্রযুক্তি মানুষের নির্দেশ বুঝে, প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কাজ সম্পন্ন করতে সক্ষম হবে।

এদিকে, এআই অবকাঠামো সম্প্রসারণে বড় অঙ্কের অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে মেটা। গত ২৬ অক্টোবর প্রতিষ্ঠানটি শেয়ার বিক্রির মাধ্যমে প্রায় ৯৫ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা ঘোষণা করে। পরবর্তী সময়ে শেয়ার বিক্রির প্রস্তাবের পরিমাণ আরও বাড়ানো হয়। এই অর্থ ডেটা সেন্টার, উন্নত কম্পিউটিং ব্যবস্থা এবং এআই প্রযুক্তির গবেষণা ও উন্নয়নে ব্যয় করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

মেটার আর্থিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠানটির ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অ্যাপের পরিবারে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর গড় সংখ্যা ছিল ৩৬৪ কোটি। ফলে এসব প্ল্যাটফর্মে উন্নত এআই প্রযুক্তি যুক্ত হলে বিপুলসংখ্যক মানুষের কাছে তা পৌঁছানোর সুযোগ তৈরি হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের কাছে এনভিডিয়া-মেটার এই অংশীদারত্ব এআই বাজারে বড় দুই প্রতিষ্ঠানের কৌশলগত সহযোগিতার আরেকটি উদাহরণ। একদিকে এনভিডিয়া তাদের চিপ ও কম্পিউটিং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সুযোগ পাচ্ছে, অন্যদিকে মেটা এআই সেবা সম্প্রসারণে প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা জোরদার করছে।