...|...|...

তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন, আসছে ৪ নতুন ফিচার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩২
Shares
হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন, আসছে ৪ নতুন ফিচার

ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপ গ্রুপে গুরুত্বপূর্ণ কোনো তথ্য খুঁজতে বারবার পুরোনো মেসেজ ঘাঁটতে হয়? আবার নতুন কেউ গ্রুপে যুক্ত হলে আগের কথোপকথন না জানার কারণে অনেক কিছুই বুঝতে পারেন না। ব্যবহারকারীদের এমন ভোগান্তি কমাতে গ্রুপ চ্যাটে চারটি নতুন ফিচার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ মেসেজ স্থায়ীভাবে পিন করে রাখা, নতুন সদস্যকে পুরোনো মেসেজ দেখানো এবং গ্রুপের সদস্যদের জন্য আলাদা স্ট্যাটাস শেয়ার করার সুবিধা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস ৩৬০-এর প্রতিবেদন অনুযায়ী, মেটার মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্মটি গত বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে নতুন ফিচারগুলোর ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এসব সুবিধায় গ্রুপের চলমান আলোচনা অনুসরণ করা আরও সহজ হবে।

১. মেসেজ পিন থাকবে আজীবন

নতুন আপডেটের সবচেয়ে আকর্ষণীয় সুবিধা হলো, এবার গ্রুপে গুরুত্বপূর্ণ মেসেজ অনির্দিষ্টকালের জন্য পিন করে রাখা যাবে। আগে সর্বোচ্চ চারটি মেসেজ পিন করার সুযোগ থাকলেও সেগুলোর মেয়াদ ছিল ২৪ ঘণ্টা, সাত দিন কিংবা ৩০ দিন। নতুন সুবিধায় ‘ফরএভার’ বা স্থায়ীভাবে পিন করে রাখার বিকল্প যুক্ত হচ্ছে। ফলে গুরুত্বপূর্ণ ঘোষণা, ঠিকানা কিংবা প্রয়োজনীয় তথ্য সহজেই খুঁজে পাওয়া যাবে।

২. নতুন সদস্যকে দেখানো যাবে পুরোনো চ্যাট

গ্রুপে নতুন কেউ যুক্ত হলে আগের আলোচনা বুঝতে অনেক সময় সমস্যা হয়। এবার নতুন সদস্যের সঙ্গে সাম্প্রতিক মেসেজের ইতিহাস শেয়ার করা যাবে। গ্রুপের অ্যাডমিন বা ম্যানেজার নতুন সদস্যের নামের ওপর ট্যাপ করে এই সুবিধা ব্যবহার করতে পারবেন। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, শেয়ার করা মেসেজও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে। আগে সদস্য যুক্ত করার সময় এই সুবিধা থাকলেও এবার পরে যুক্ত হওয়া সদস্যের সঙ্গেও মেসেজ হিস্ট্রি শেয়ার করা যাবে।

৩. মেনশন করা মেসেজ খুঁজে পাওয়া সহজ

গ্রুপে অনেক সদস্য থাকলে কে কখন কাকে মেনশন করেছেন, তা খুঁজে বের করা কঠিন। নতুন ফিচারে মেনশন অনুযায়ী মেসেজ ফিল্টার করা যাবে। ফলে কোনো সদস্যকে ট্যাগ করা হয়েছে, এমন মেসেজগুলো আলাদাভাবে দেখা যাবে।

৪. গ্রুপের সদস্যদের জন্য আলাদা স্ট্যাটাস

নির্দিষ্ট গ্রুপের সদস্যদের সঙ্গে আলাদাভাবে স্ট্যাটাস শেয়ার করার সুবিধাও আনছে হোয়াটসঅ্যাপ। এই স্ট্যাটাস সাধারণ স্ট্যাটাসের মতোই ২৪ ঘণ্টা পর মুছে যাবে। গ্রুপের অন্য সদস্যরা এতে প্রতিক্রিয়া জানাতে পারবেন এবং নিজেদের স্ট্যাটাসও যোগ করতে পারবেন। 

হোয়াটসঅ্যাপের দাবি, নতুন ফিচারগুলো গ্রুপের কথোপকথনকে আরও সহজ ও কার্যকর করবে। তবে সুবিধাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে।