...|...|...

তথ্যপ্রযুক্তি

বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী কত কোটি জানেন কি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, বিকেল ৩:২৮
Shares
বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী কত কোটি জানেন কি

ছবি: সংগৃহীত

বিশ্বের মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশেরও বেশি মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন। বর্তমানে বিশ্বজুড়ে এসব প্ল্যাটফর্মের ব্যবহারকারীর সংখ্যা ৫৭৯ কোটি। একজন সক্রিয় ব্যবহারকারী মাসে গড়ে ছয়টির বেশি সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটান। মার্কিন সাময়িকী ফোর্বসের ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক প্ল্যাটফর্ম ফোর্বস অ্যাডভাইজারের এক বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, একজন ব্যক্তি সপ্তাহে গড়ে ১৮ ঘণ্টা ৩৬ মিনিট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যয় করেন। দৈনিক হিসাবে এর পরিমাণ প্রায় ২ ঘণ্টা ৩৯ মিনিট। সারা বিশ্বের মানুষের এই সময় যোগ করলে প্রতিদিন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ব্যয় হচ্ছে ১ হাজার ৫০০ কোটি ঘণ্টারও বেশি।

বিজ্ঞাপন আয়ে এগিয়ে মেটা

সামাজিক যোগাযোগমাধ্যমের বাজারে ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে শক্ত অবস্থানে রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। চলতি বছরের প্রথম প্রান্তিকে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ মিলিয়ে প্রতিষ্ঠানটির দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৬ কোটিতে। আগের বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা ৪ শতাংশ বেশি।

মেটার আয় বৃদ্ধিতেও বিজ্ঞাপনের বড় ভূমিকা রয়েছে। আগের বছরের তুলনায় প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন থেকে আয় ৩৩ শতাংশ বেড়ে ৫ হাজার ৬৩১ কোটি ডলারে পৌঁছেছে। একই সময়ে বিজ্ঞাপনপ্রতি গড় খরচ বেড়েছে ১২ শতাংশ।

ব্যবহারকারীদের সম্পৃক্ততা বাড়ানোর ক্ষেত্রেও অগ্রগতি দেখা গেছে। ফেসবুকের ওয়াচ টাইম ৮ শতাংশের বেশি বেড়েছে, যা গত চার বছরের মধ্যে প্রান্তিকভিত্তিক হিসাবে সর্বোচ্চ প্রবৃদ্ধি। অন্যদিকে অ্যালগরিদম ও কনটেন্ট র‍্যাঙ্কিংয়ে পরিবর্তনের পর ইনস্টাগ্রাম রিলসে ব্যবহারকারীদের সময় কাটানোর পরিমাণ বেড়েছে ১০ শতাংশ।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিজ্ঞাপন সরঞ্জামেও গুরুত্ব দিচ্ছে মেটা। বর্তমানে প্রতিষ্ঠানটির ৮০ লাখের বেশি বিজ্ঞাপনদাতা অন্তত একটি এআই-চালিত বিজ্ঞাপন টুল ব্যবহার করছেন।

ব্যবহারকারী ও আয়ে বাড়ছে স্ন্যাপচ্যাট-রেডিট

স্ন্যাপচ্যাটের ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে। ২০২৬ সালের প্রথম প্রান্তিক নাগাদ প্ল্যাটফর্মটির দৈনিক সক্রিয় ব্যবহারকারী দাঁড়িয়েছে ৪৮ কোটি ৩০ লাখে। আগের বছরের তুলনায় এই সংখ্যা ৫ শতাংশ বেশি। একই সময়ে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বেড়ে হয়েছে ৯৫ কোটি ৬০ লাখ।এ সময়ে স্ন্যাপচ্যাটের আয় প্রায় ১২ শতাংশ বেড়ে ১৫৩ কোটি ডলারে পৌঁছেছে।

অন্যদিকে ব্যবহারকারী ও রাজস্ব বৃদ্ধিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে অনলাইন আলোচনা ও ফোরামভিত্তিক প্ল্যাটফর্ম রেডিটের। প্রতিষ্ঠানটির দৈনিক সক্রিয় ব্যবহারকারী ১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৬৮ লাখে। একই সময়ে রাজস্ব বেড়েছে ৬৯ শতাংশ, যার পরিমাণ ৬৬ কোটি ৩০ লাখ ডলার।

রেডিটের আয়ের বড় অংশ এসেছে বিজ্ঞাপন থেকে। এ খাতে প্রতিষ্ঠানটির আয় হয়েছে ৬২ কোটি ৫০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৪ শতাংশ বেশি।নতুন কনটেন্ট খুঁজতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝুঁকছেন মানুষ

বিনোদন ও নতুন কনটেন্ট সম্পর্কে জানার ক্ষেত্রেও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব বাড়ছে। প্রযুক্তি বিশ্লেষণকারী সংস্থা ডেলয়েটের তথ্য অনুযায়ী, বিভিন্ন অনুষ্ঠান, শিল্পী বা কনটেন্টের নিয়মিত ভক্তদের ৫২ শতাংশ জানিয়েছেন, নতুন টিভি শো, সিনেমা, গান, গেম কিংবা কোনো আয়োজন সম্পর্কে জানার প্রধান মাধ্যম এখন সামাজিক যোগাযোগমাধ্যম।

তরুণ প্রজন্মের ক্ষেত্রে এ প্রবণতা আরও স্পষ্ট। জেন-জি প্রজন্মের প্রায় ৭৩ শতাংশ নতুন কনটেন্ট সম্পর্কে জানতে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নির্ভর করেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পণ্য বা কনটেন্টের সন্ধান পেলেই যে ব্যবহারকারীরা সেখান থেকে সরাসরি কেনাকাটা বা সেটি দেখার সিদ্ধান্ত নেন, তা নয়। সমীক্ষায় দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কোনো পণ্য বা কনটেন্টের খোঁজ পাওয়ার পর প্রায় ৪৪ শতাংশ মানুষ অন্য প্ল্যাটফর্মে চলে যান। এর মধ্যে সংশ্লিষ্ট পণ্যের নিজস্ব ওয়েবসাইট অন্যতম।

জেন-জি প্রজন্মের মধ্যে এ প্রবণতার হার প্রায় ৬০ শতাংশ। অর্থাৎ, সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের সম্পৃক্ততা বাড়লেও সেই আগ্রহকে সরাসরি বিক্রি বা প্ল্যাটফর্মের ভেতরে কাঙ্ক্ষিত কার্যক্রমে রূপান্তর করা প্রতিষ্ঠানগুলোর জন্য এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।