...|...|...

জাতীয়

তারেক রহমান ও সানায়ে তাকাইচির বৈঠক আজ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, সকাল ৬:১৬ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, সকাল ৮:২২
Shares
তারেক রহমান ও সানায়ে তাকাইচির বৈঠক আজ

তারেক রহমান ও সানায়ে তাকাইচি। ছবি: সংগৃহীত

কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে আজ মঙ্গলবার জাপানে বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। 

স্থানীয় সময় সকাল ১১টায় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে এ দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা এবং আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের অবস্থান নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার সকালে টোকিও পৌঁছান তারেক রহমান। টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান জাপানের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জানান, মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন। এরপর দুই নেতার নেতৃত্বে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে জাপানের প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারেক রহমান।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সফরে রয়েছেন উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। এতে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

প্রতিনিধিদলে আরও রয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

এ ছাড়া প্রতিনিধিদলে রয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী এবং আম জনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।

গত ১২ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর বিদেশে এটি তারেক রহমানের তৃতীয় রাষ্ট্রীয় সফর। এর আগে তিনি রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন সফর করেন। এ ছাড়া জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত সেপ্টেম্বরে নিউইয়র্ক সফর করেন প্রধানমন্ত্রী।

দুই দেশের শীর্ষ বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। বৈঠকের আলোচনা ও সম্ভাব্য সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ-জাপান সম্পর্কের ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র আরও স্পষ্ট হওয়ার প্রত্যাশা রয়েছে।